৬১৫ কোটি রূপিতে চন্দ্রায়ন-৩ প্রকল্প শেষ করে হইচই ফেলে দিয়েছিলো ইসরো। তাদের সূর্য অভিযান-মিশন আদিত্য এল ওয়ান-এ ব্যয় আরও কম। মাত্র ৪০০ কোটি রূপিতে সূর্যে রকেট পাঠিয়েছে ইসরো। পাঁচ বছর আগে, ২০১৮ সালে নাসা তাদের সৌর অভিযানের জন্য ব্যয় করেছিল ১৩ হাজার কোটি রুপি। তাদের পাঠানো উপগ্রহ এখনও সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। নিয়মিত ছবি ও তথ্য পাঠাচ্ছে। তবে যে কক্ষপথে নাসার সূর্যযান পরিভ্রমণ করছে তাতে সূর্যের এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপ তাকে হজম করতে হচ্ছে। কিন্তু, ভারতীয় সূর্যযান যে কক্ষপথে সংস্থাপিত হবে তাতে তাকে অপেক্ষাকৃত কম তাপমাত্রা হজম করতে হবে। বর্তমানে ফিজি, ব্রুনেই, লস এঞ্জেলস, আন্দামান ও শ্রী হরি কোটা থেকে আদিত্য এল ওয়ান এর গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে।
