৮ই জুলাই ইনজুরি আক্রান্ত হন পেসার ইবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান। এরপর লম্বা সময় তিনি চিকিৎসাধীন ছিলেন। রিহ্যাব করেছেন নিয়মিত। ফিরেছেন অনুশীলনেও। যে কারণে তাকে রাখা হয় এশিয়া কাপের ১৭ সদস্যের স্কোয়াডে। কিন্তু শেষ পর্যন্ত তার খেলা হয়নি। ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় মাঠে ফিরতে পারেননি। অবশেষে তাকে পাঠানো হয় ইংল্যান্ড। সেখানে চিকিৎসকরা দেখে ২৯ সেপ্টেম্বর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে টাইগার শিবিরে আরেক ধক্কা। শল্য চিকিৎসকের ছুরির নিচে যাওয়াতে এবার তার বিশ্বকাপেও খেলা হচ্ছে না। ইনজুরিতে এশিয়া কাপ ও বিশ্বকাপ থেকে এই পেসারের ছিটকে পড়াটা হয়তো স্বভাবিক ঘটনা মনে হবে! কিন্তু এ নিয়ে চলছে গুঞ্জন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে উঠছে নানা প্রশ্ন! বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগের দক্ষতা ও যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। যদি অপারেশনটা আগেই হতো তাহলে হয়তো ইবাদত খেলতে পারতেন বিশ্বকাপে! শুধু তাই নয়, সম্প্রতি সাবেক ওয়ানডে অধিনায়ক দেশসেরা ওপেনার তামিম ইকবালও তার চিকিৎসার গাফলতি নিয়ে মেডিক্যাল বিভাগের দিকে আঙুল তুলেছিলেন। পরে অবশ্য তিনি তা অস্বীকার করেন। কিন্তু ছয় মাসেও কেন তামিম সুস্থ হলেন না! এশিয়া কাপের আগেই কেন তাকে সরে যেতে হলো তার দায়টাই বা কার! এ সব নিয়ে বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎক দেবাশিষ চৌধুরী তুলে ধরেছেন তার ব্যাখ্যা। তিনি বলেন, ‘আমরা চেয়েছি ইবাদত বিশ্বকাপ খেলুক।
তাকে নিয়ে আমাদের সেই টার্গেটই ছিল। যদি দুই মাস আগেও অপারেশন হতো তাতেও তিনি বিশ্বকাপ খেলতে পারতেন না। কারণ হাঁটুর যে ইনজুরি তাতে অপারেশন হলে মাঠে ফিরতে লাগবে ৮ মাস। যে কারণে আমরা চেয়েছিলাম রিহ্যাব করে তাকে ইনজুরি মুক্ত করতে কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি।’ ইবাদতের হাঁটুর ইনজুরিতে অপারেশনের প্রয়োজন সেটি কি বিসিবি’র মেডিক্যাল বিভাগ আগে জানতো না! এখানে যে এমআরআই করানো হয়েছে তা দেখে কি আগেই তাকে নিয়ে উন্নত চিকিৎসার সিদ্ধান্ত নেয়া যেত না? দেশের ক্রিকেটপ্রেমীরা যখন এই প্রশ্ন তুলছে তখন বিসিবি’র মেডিক্যাল বিভাগ জানিয়েছে ইবাদতের প্রকৃত ঘটনাটি। দেবাশিষ চৌধুরী স্পষ্ট করেই জানিয়েছেন তারা আগেই জানতেন তার হাঁটুতে অপারেশন করতে হবে এবং এক বা দুই মাস নয় প্রায় ৮ মাস লাগবে তার মাঠে ফিরতে। তখনই অপারেশন করালে তিনি আগে থেকেই ছিটকে যেতেন এশিয়া কাপ ও বিশ্বকাপ থেকে। বিসিবির প্রধান চিকিৎসক বলেন, ‘আমরা এমআরআই করিয়ে দেখেছি তার কন্ডিশন। আমাদের প্রথম কাজটি ছিল তার বিশ্বকাপ খেলা নিশ্চিত করা। এই ধরনের ইনজুরিতে অনেক সময় ক্রিকেটার রিহ্যাব, থেরাপি নিয়মিত ব্যায়াম ও কিছু প্রক্রিয়া অনুসরণ করে খেলতে পারেন। আমরা চেয়েছি ইবাদত যেন সেটি করতে পারেন। তবে যখন তিনি আর পারছিলেন না তখন বিসিবি তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠায়। সেখানেও তিনি রিহ্যাব করে খেলতে পারবেন কিনা তা যাচাই করা হয়। কিন্তু ইংল্যান্ডে চিকিৎসকরা জানিয়েছেন রিহ্যাব করা যেতে পারে হয়তো পরে তার ফল আসবে না। এই ইনজুরি অপারেশন করলেই তিনি ভালো হবেন। সবাই যে বিলম্ব বিলম্ব বলছে তার কারণটা আমরা চেষ্টা করেছি শেষ পর্যন্ত সাধারণ প্রক্রিয়া গুলো করে তাকে খেলানো যায় কিনা তা দেখতে।’
তামিম ইকবালের সম্ভাবনা ‘ফিফটি ফিফটি’
গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে পারেননি তামিম ইকবাল। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামলেও জানান খেলেই বুঝতে পারবেন কতটা ফিট তিনি। এ নিয়ে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজের ক্ষোভ প্রকাশ করেন বিসিবি সভাপতির সঙ্গে। ঘটনা এমন বিতর্কে পৌঁছায় আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন। অবশ্য ৩০ ঘণ্টা পরেই প্রধানমন্ত্রীর নিদেশে সেই সিদ্ধান্ত প্রত্যাহারও করেন। কিন্তু এত নাটকীয়তার পরও নেতৃত্ব ছাড়তে হয় আর এশিয়া কাপ থেকে নিজের নামও প্রত্যাহার করে নিতে হয় তামিমকে। কারণ ইনজুরি! পুরোনো এই পিঠের ব্যথা সারাতে তিনি ইংল্যান্ড থেকে ইনজেকশন দিয়ে এলেও তিনি যে বিশ্বকাপে খেলতে পারবেন তা কিন্তু নিশ্চিত নয়। কারণ ইনজেকশন কতদিন কাজ করবে তার কোনও মেডিক্যালি নির্ধারিত সময় নেই।
বিসিবি’র চিকিৎসক জানান যে কোনও সময় এই ব্যাথা ফিরতে পারে। তবে আপাতত তামিম ভালো আছেন সবকিছু ঠিক ভাবেই কাজ করছে। তিনি বলেন, ‘তামিম ইকবালের ইনজুরির জন্য যে ইনজেকশন দেয়া হয়েছে তা ঠিকঠাক মতোই কাজ করছে। এখন তিনি ভালো আছেন, সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপেও খেলবেন। তবে এটাও বাস্তবতা যে তার ব্যথা যে কোনও সময় ফিরে আসতে পারে। ইনজেকশন কতদিন কাজ করবে তা যারা দিয়েছেন তারাও বলতে পারেন না। সময়টা একমাস, দুই মাস বা তিন মাস এমন নির্দিষ্ট করে বলা কঠিন।’
