ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় লড়াই দেখতে চাতক পাখির মতো অধীর আগ্রহে বসে থাকেন ক্রীড়ামোদিরা। এশিয়া কাপে মঞ্চস্থ হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বীর বহুল প্রত্যাশিত ম্যাচ। এশিয়া কাপের গ্রুপপর্বে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, অলৌকিক সাহায্য ছাড়া মাঠে গড়ানো সম্ভব নয় ভারত-পাকিস্তানের ম্যাচ! এশিয়া কাপের ষোড়শ আসরের উদ্বোধনী ম্যাচে নেপালকে বিধ্বস্ত করে যাত্রা শুরু করে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবর আজমের নেতৃত্বাধীন দল। আগামীকাল পাল্লোকেলেতে দুপুর সাড়ে ৩টায় মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে শ্রীলঙ্কান আবহাওয়া অফিসের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল। প্রতিবেদনে বলা হয়, শনিবার পাল্লাকেলেতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯১ শতাংশ। তাই অলৌকিকভাবে রোদ না উঠলে ভারত-পাকিস্তানের ম্যাচটি পেছাতে পারে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আবহাওয়া অফিসের ভবিষ্যদ্বাণী অনুসারে পাল্লাকেলেতে অনুষ্ঠিতব্য অধিকাংশ ম্যাচের ভেন্যু পরিবর্তন কিংবা তারিখ পেছাতে হতে পারে। আগস্ট থেকে সেপ্টেম্বর- এই দুই মাসে শ্রীলঙ্কার ক্যান্ডিতে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। পরিসংখ্যান ঘেটে দেখা যায়, পাল্লাকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে মোট ৩৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে মাত্র ২টি আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে এই দুই মাসে পাল্লাকেলেতে কোনো ম্যাচ আয়োজন করতে চায় না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। প্রশ্ন থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা সত্ত্বেও কেনো পাল্লাকেলেতে আয়োজিত হচ্ছে এশিয়া কাপের ম্যাচ? উত্তরটা হয়তো সবার জানা। চলমান এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই টুর্নামেন্টের সবকটি ম্যাচই পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপে অংশ নিতে অনীহা প্রকাশ করে ভারত। তাই শেষ মুহূর্তে ‘হাইব্রিড’ মডেলে শ্রীলঙ্কাকে পাকিস্তানের সহ-আয়োজক করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারতের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।
