রিসেট

অভিষেকেই ‘দ্বিতীয় সেরা’ তানভীর

প্রকাশিত: ৩১ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৩ Archive 2022Source: স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না। দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন ওয়ানডে খেলতে। অ্যাডাম জাম্পার অসুস্থতার কারণে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে হুট করে ডাক পান তানভীর সাংহা। আচমকা সুযোগেই এই নবাগত স্পিনার জায়গা করে নিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে। অভিষেকে ৪ উইকেট নিয়ে গড়লেন রেকর্ড। বুধবার ডারবানে তানভীরের দুর্দান্ত বোলিংয়ের দিনে অস্ট্রেলিয়াও পায় দাপুটে জয়। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১১১ রানে হারিয়ে এগিয়ে যায় সিরিজে।

আগে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মিচেল মার্শের ৯২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৬ উইকেটে ২২৬ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকাকে ১১৫ রানে গুঁড়িয়ে দেন তানভীর-স্টয়নিসরা। 
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ২ বল খেলে শূন্য হাতে সাজঘরে ফেরেন টেম্বা বাভুমা। শুরুর ধাক্কা সামলে ৪৬ রানের জুটি গড়েন রাসি ভ্যান ডার ডুসেন এবং রেজা হেনড্রিকস। ভ্যান ডার ডুসেন ১১ বলে ২টি করে চার-ছক্কায় ২১ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপরই শুরু হয় তানভীর সাংহার তাণ্ডব। টানা চার উইকেট নেন তিনি। ৭ম ওভারের শেষ বলে অজি লেগির শিকার ৭ রান করা এইডেন মারক্রাম। ৯ম ওভারের তৃতীয় বলে ফেরান ডেওয়াল্ড ব্রেভিসকে। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফেরেন বেবি এবি। পরের বলেই ট্রিস্টান স্টাবসকে শূন্য হাতে ক্রিজ ছাড়া করেন ২১ বছর বয়সী তানভীর। ১৩তম ওভারের পঞ্চম বলে অজি স্পিনারের চতুর্থ শিকার মার্কো জ্যানসেন। ১৪ বলে ২০ রান করে ফেরেন তিনি। তানভীর সাংহার তাণ্ডবে ৪৫ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট নিতে ৪ ওভারে ৩১ রান খরচ করেন তানভীর। যা অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে অভিষেকে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছিলেন মাইকেল ক্যাসপ্রোইচ।
তানভীর সাংহার ঘূর্ণি সামলে ৯ম উইকেট পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন প্রোটিয়া ওপেনার রেজা হ্যানড্রিকস। ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা।

তানভীর সাংহার রেকর্ডগড়া বোলিংয়ের দিনে নৈপুণ্য ছড়ান মার্কাস স্টয়নিসও। ৩ ওভারে ১৮ রানের খরচায় ৩ উইকেট নেন এই অজি পেসার। দুই উইকেট নেন স্পেন্সের জনসন।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৭৭ রানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ৬, ম্যাথিউ শর্ট ২০, জশ ইংলিস ১ এবং মার্কাস স্টয়নিস ৬ রানে আউট হন। এরপর ৯৭ রানের জুটি গড়েন অধিনায়ক মিচেল মার্শ এবং টিম ডেভিড। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ঝড়ো ইনিংসে ডেভিড ৬৪ রানে আউট হলে ভাঙে এই পার্টনারশিপ। ওয়ানডাউনে নেমে ৪৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন অধিনায়ক মার্শ। এছাড়া অ্যারন হার্ডি ২৩ এবং সিন অ্যাবট ৩* রান করেন।

দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস ৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। আগামীকাল সিরিজ জয়ের মিশনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।