রিসেট

নবদম্পতি কনের বয়স ২৫ হলেই পুরস্কার

প্রকাশিত: ২৯ আগস্ট (মঙ্গলবার), ২০২৩ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

চীনের একটি অঞ্চলে নবদম্পতির জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, যদি দম্পতির মধ্যে কনের বয়স ২৫ বছর বা তারও কম হয় তাহলে তাদেরকে এক হাজার ইউয়ান বা ১৩৭ ডলার পুরস্কার দেয়া হবে। এর মধ্য দিয়ে যুবক-যুবতীদেরকে বিয়েতে উৎসাহিত করা হচ্ছে। দেশটিতে ক্রমশ কমে যাচ্ছে জন্মহার। বিষয়টি বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারের পক্ষ থেকে সন্তান জন্মদানে উৎসাহিত করা হয়েছে এর আগেই। আর এবার পূর্বাঞ্চলীয় চ্যাংশান কাউন্টির কর্মকর্তারা ওই পুরস্কারের ঘোষণা দিলেন। গত সপ্তাহে চ্যাংশান কাউন্টির অফিসিয়াল উইচ্যাট একাউন্টে এই ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, বিয়ের উপযোগী বয়সে বিয়ে এবং সন্তান জন্মদানে উৎসাহিত করতে এই ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া শিশুর যত্ন নেয়া, উর্বরতা, শিক্ষাসহ সংশ্লিষ্ট দম্পতির জন্য বিভিন্ন সেবা প্রস্তাব করা হয়েছে। ৬ দশক ধরে চীনে প্রথম জনসংখ্যা কমে যাচ্ছে। এতে বৃদ্ধি পাচ্ছে প্রবীণের সংখ্যা। এ জন্য কর্তৃপক্ষ দ্রুত জন্মহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আর্থিক প্রণোদনা এবং শিশুর যত্ন নেয়া সম্পর্কে বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছে। 

চীনে ছেলেদের বিয়ের বৈধ বয়স হলো ২২ বছর এবং মেয়েদের ২০ বছর। তা সত্ত্বেও সেখানে বিবাহিত দম্পতির সংখ্যা কমছে। এর ফলে জন্মহার কমে যাচ্ছে। ফলে সরকার সিঙ্গেল নারীদের সন্তান নেয়ার বিষয়ে কঠোর নীতি গ্রহণ করেছে। দেশটিতে ২০২২ সালে বিয়ের হার রেকর্ড পর্যায়ে কমে দাঁড়ায় ৬৮ লাখ। ১৯৮৬ সালের পর এই সংখ্যা সর্বনিম্ন। জুনে প্রকাশিত সরকারি ডাটায় এসব কথা বলা হয়েছে। ২০২১ সালের তুলনায় গত বছর বিয়ের সংখ্যা কমেছে ৮ লাখ।