রিসেট

ডেঙ্গুর থাবা

প্রকাশিত: ৫ জুলাই (বুধবার), ২০২৩ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। সঙ্গে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। গতকাল একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। সারা দেশেই ডেঙ্গুর থাবা লেগেছে। ঘণ্টায় ২৮ জনের বেশি রোগী হাসপাতালে আসছেন। অর্থাৎ প্রায় দুই মিনিট পর একজন করে ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে  চিকিৎসা নিতে ভর্তি হচ্ছেন। ডেঙ্গু মৌসুম আসার আগেই এবছরে ইতিমধ্যে সর্বোচ্চ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  গত ২৪ ঘণ্টায় চলতি বছরে সবচেয়ে বেশি ৬৭৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৯ জনে। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। 

সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে গতকাল বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৭৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৯ জন এবং ঢাকার বাইরে ২৪৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৬৭৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৯ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১০০ জন এবং ঢাকার বাইরে ৫৬৯ জন। 

চলতি বছরের এ পর্যন্ত ৯ হাজার ৮৭১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৪১ জন। অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ১ হাজার ৮৯৩ জন এবং মারা গেছেন ১৪ জন।