চট্টগ্রাম বন্দরের সব ধরনের হ্যান্ডলিং কার্যক্রম বন্ধ থাকায় দেশের আমদানি–রপ্তানি কার্যক্রমে গুরুতর সংকট তৈরি হয়েছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে। এ পরিস্থিতি দ্রুত সমাধানে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা।
চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে (ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি) একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার বিষয়টি ঘিরে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে তৈরি পোশাক খাতের আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে।
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাত একটি সময় ও মৌসুমনির্ভর রপ্তানি খাত। নির্ধারিত লিড টাইমের মধ্যে কাঁচামাল আমদানি, উৎপাদন ও পণ্য রপ্তানি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে ব্যর্থ হলে রপ্তানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, গত দুই দিন ধরে চলমান শ্রমিক-কর্মচারীদের অবরোধ কর্মসূচি এবং এর দ্রুত সমাধান নিয়ে অনিশ্চয়তার কারণে রপ্তানিকারকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এতে চলমান রপ্তানি আদেশগুলো ঝুঁকির মধ্যে পড়েছে।
এ অবস্থায় দেশের বৃহত্তম সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে তৈরি পোশাক খাতের আমদানি-রপ্তানি বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত অবরোধ কর্মসূচি প্রত্যাহার ও সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
এদিকে বিজিএমইএ পরিচালক রকিবুল আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সৃষ্ট সংকট দ্রুত সমাধান করে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এখন অত্যন্ত জরুরি। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় ব্যবহারকারী। কাঁচামাল আমদানি থেকে শুরু করে তৈরি পোশাক ও অন্যান্য পণ্য রপ্তানি, উভয় কার্যক্রমই সম্পূর্ণভাবে এই বন্দরের ওপর নির্ভরশীল।
রকিবুল আলম চৌধুরী বলেন, “আমদানি কার্যক্রম ব্যাহত হলে পুরো উৎপাদন চেইন ক্ষতিগ্রস্ত হয়, যার সরাসরি প্রভাব পড়ে রপ্তানি কার্যক্রমে। তাই আমদানি ও রপ্তানি, দুটোই নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক রাখা একান্ত প্রয়োজন।” তার মতে, চলমান কর্মবিরতি ও কার্যক্রম বন্ধ থাকায় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর চলমান রপ্তানি আদেশ ঝুঁকির মধ্যে পড়েছে এবং তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে, বিশেষ করে এমন সময়ে, যখন বৈশ্বিক প্রতিযোগিতা তীব্র হচ্ছে এবং রপ্তানি আদেশ ইতোমধ্যেই চাপের মধ্যে রয়েছে।
বিজিএমইএ পরিচালক আরও বলেন, সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বিভিন্ন চার্জ বৃদ্ধি করা হয়েছে। বর্তমান অচলাবস্থার প্রেক্ষাপটে বর্ধিত চার্জ, ডেমারেজ ও ডিটেনশনসহ সংশ্লিষ্ট অতিরিক্ত খরচ সাময়িকভাবে মওকুফ বা স্থগিত না করলে ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে।
দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকলে ভবিষ্যতে মারাত্মক কনটেইনার জট ও কনজেশনের আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। বর্তমানে সীমিত সময় (বিকাল ৪টা থেকে রাত ১০টা) রপ্তানি কার্যক্রম পরিচালিত হওয়ায় এই চাপ আরও বাড়বে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে শিপমেন্ট সম্পন্ন করা সম্ভব না হলে অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে এয়ার শিপমেন্ট করতে হবে, যা রপ্তানিকারকদের উৎপাদন ও লজিস্টিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে।
রকিবুল আলম চৌধুরী আরও বলেন, বর্তমানে শ্রমিকদের বেতন পরিশোধের সময় চলছে। পাশাপাশি সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতার আশঙ্কাও রয়েছে। এই প্রেক্ষাপটে বন্দরের কার্যক্রমে অনিশ্চয়তা থাকলে সরবরাহ চেইনে মারাত্মক ঝুঁকি তৈরি হবে, যা শিল্প, শ্রমিক ও সামগ্রিক বাণিজ্য পরিবেশের জন্য ক্ষতিকর। এ ছাড়া সামনে পবিত্র রমজান মাস থাকায় কার্যদিবস কমে যাবে, ফলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পরিচালনা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে জানান তিনি।
তিনি সতর্ক করে বলেন, বন্দরের স্বাভাবিক, দ্রুত ও সমন্বিত কার্যক্রম অবিলম্বে নিশ্চিত করা না গেলে সার্বিকভাবে একটি গুরুতর সংকটময় পরিস্থিতি তৈরি হতে পারে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এমনিতেই রপ্তানি আদেশ কমছে এবং প্রতিযোগিতা বাড়ছে। এই সংকট দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ভবিষ্যতে অর্ডার অন্য দেশে সরে যাওয়ার ঝুঁকি তৈরি হবে, যা দেশের রপ্তানি খাতের জন্য গভীর উদ্বেগের বিষয়।
