রিসেট

রাষ্ট্রীয় কাঠামোয় কয়েকটি গুরুতর অদক্ষতা দানা বেঁধে আছে

প্রকাশিত: ২৩ জানুয়ারি (শুক্রবার), ২০২৬ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেছেন, বর্তমানে রাষ্ট্রীয় কাঠামোয় কয়েকটি গুরুতর অদক্ষতা দানা বেঁধে আছে। এর একটি হলো অর্থায়ন সংকট। দ্বিতীয়টি সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং আরেকটি হলো ক্ষমতাবানদের অহমিকা দেখানোর প্রকল্প। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অর্থনৈতিক শাসন ও দুর্নীতি প্রতিরোধ- শীর্ষক এক নীতি সংলাপে তিনি এই মন্তব্য করেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ওই নীতি সংলাপ আয়োজন করেন। সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান এতে সভাপতিত্ব করেন। 

এ সময় তিনি বলেন, সমপ্রতি বিমানের পরিচালনা পর্ষদে হঠাৎ তিনজনকে নিয়োগ দেয়া হয়েছে; এর ব্যাখ্যা কী? নিয়োগের যৌক্তিক কারণ থাকলে তা প্রকাশ করতে সমস্যা কোথায়? সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এই সরকারের মধ্যেও আছে। আগেও এই সমস্যা ছিল, ভবিষ্যতে যেন তা আর না থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। অনেক আইসিটি পার্ক এখন কমিউনিটি সেন্টার হিসেবে ভাড়া দিয়ে দারোয়ানদের বেতন চালাতে হচ্ছে। এসব প্রকল্পের মানসিকতা রাষ্ট্রীয় চিন্তার মধ্যে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বিপুল হারে বেতন বৃদ্ধির ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কতোটা বেড়েছে, বেতন বৃদ্ধি কতোটা যৌক্তিক তার ব্যাখ্যা কোথায়? রাষ্ট্রীয় ব্যয়ের কার্যকারিতা কোথায় বেড়েছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ খতিয়ান প্রয়োজন। সরকারের অপচয়মূলক প্রকল্প ও পরিচালন ব্যয় নিয়ে সেভাবে আলোচনা হয় না। এসব ব্যয়ের ক্ষেত্রে কার্যকর জবাবদিহিও দেখা যায় না।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, র‌্যাপিডের নির্বাহী পরিচালক এম আবু ইউসুফ প্রমুখ এতে বক্তব্য রাখেন।