রিসেট

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার রিট খারিজ নির্বাচনে অনিশ্চয়তা

প্রকাশিত: ২৩ জানুয়ারি (শুক্রবার), ২০২৬ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা নিয়ে বড় ধাক্কা এসেছে। দ্বৈত নাগরিকত্ব দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আপাতত নির্বাচনে অংশ নেয়ায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গফুর ভূঁইয়ার রিটের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মো. রুহুল কুদ্দুস এবং আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম। অপরদিকে কাজী নুরে আলম সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেনসহ একাধিক আইনজীবী। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন মো. ফয়জুল্লাহ। আদেশের পর নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী মো. ফয়জুল্লাহ জানান, হাইকোর্ট রিট খারিজ করায় গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিলের বিষয়ে ইসি’র সিদ্ধান্ত বহাল থাকছে। এর ফলে তিনি আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এর আগে একই আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে ইসিতে আপিল করেন। ওই আপিলের শুনানি শেষে গত ১৮ই জানুয়ারি গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। ইসি’র সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত সোমবার হাইকোর্টে রিট করেন গফুর ভূঁইয়া। বুধবার ও বৃহস্পতিবার ধারাবাহিক শুনানি শেষে আদালত চূড়ান্ত আদেশ দেন।