ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় গত শনিবার রাতে কড়া প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দেখানো বন্ধের অনুরোধ জানান। এ ইস্যুতে গতকাল প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইনগত ভিত্তি যাচাই-বাছাই শেষে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না- এ প্রশ্নের উত্তর খোলাসা করবেন। দুই উপদেষ্টার বক্তব্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইপিএলে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়ার পর আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচার বন্ধের অনুরোধ জানান। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেবো না। গোলামির দিন শেষ!’ এ প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ‘বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।’ তিনি আরও জানান, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সকল দিকের আইনি বিশ্লেষণ ও প্রক্রিয়া যাচাই-বাছাই শেষ হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
