রিসেট

খুলনায় এনসিপি নেতাকে গুলি

প্রকাশিত: ২৩ ডিসেম্বর (মঙ্গলবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদার (৪২) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার আল-আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর রোডের মুক্তা হাউজের নিচতলার একটি কক্ষে তিনি বাম কানে গুলিবিদ্ধ হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে পুলিশ জানিয়েছে। আহত মোতালেব শিকদার নগরীর শেখপাড়া গোবরচাকা পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। এক সময় মোতালেব শিকদার আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাতীয় শ্রমিক লীগের রাজনীতি করতেন। এদিকে মোতালেব শিকদার গুলিবিদ্ধের পর বেনাপোল সীমান্তে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করেছে বিজিবি।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা, ইয়াবা, মদের বোতল, কনডম, রক্তমাখা কাপড় এবং বাসার কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করেছে। প্রাইভেটকারের সামনের গ্লাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লেখা রয়েছে।  ঘটনার পর থেকে ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া তরুণী তন্বীর সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অন্তর্কোন্দল, চাঁদাবাজি, নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটতে পারে।
পুলিশের একটি সূত্র জানায়, রোববার রাতে তন্বীর বাসায় জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার অবস্থান করেন। সেখানে তিনি সহযোগীদের নিয়ে ইয়াবা সেবন, মদ্যপান ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছিলেন। পুলিশের ধারণা, গতকাল সোমবার সকাল ১১টার দিকে অন্তর্কোন্দল ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়। তবে গুলিটি তার বাম কানের লতিতে লাগে। 

সূত্র আরও জানায়, সিসিটিভিতে দেখা গেছে, মোতালেব শিকদার ওই কক্ষ থেকে বেরিয়ে দু’হাত দিয়ে কান চেপে ধরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। এরপর তরুণী তন্বী ঘরে তালা লাগিয়ে আত্মগোপন করে।
কেএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মাদ তাজুল ইসলাম বলেন, গুলির ঘটনাটি বেলা ১১টার দিকে ঘটলেও প্রথমে ঘটনাস্থল খুঁজে পেতে দেরি হয়েছে। পরে এনসিপি’র স্টিকার লাগানো একটি প্রাইভেটকার পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। তখন একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করি। যেখানে দেখা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমসহ আরও দুইজন ওই বাসায় আসে। এখানে বাইরের লোকজনে আনাগোনা ছিল। তন্বীর বাসার কক্ষ থেকে মাদকের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। 
তিনি বলেন, রোববার রাতে মোতালেব শিকদার ওই বাসায় এসেছিল। তদের নিজেদের মধ্যে কোন্দলের কারণে এ গুলির ঘটনা ঘটেছে। যেটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি। এর সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনতে পারবো।  

মজিদ সরণীর রোডের মুক্তা হাউজের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার বলেন, তন্বী নামে এক তরুণী তারা স্বামী-স্ত্রী একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করে এই পরিচয়ে মাসিক ৮ হাজার টাকায় বাড়ির নিচতলার দুই কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। পরে তার স্বামী আমিনুল ইসলাম কচি জানতে পারেন, ওই ফ্ল্যাটে নিয়মিত বাইরের লোকজন যাতায়াত করে। এরপর তিনি আগামী ৩০শে ডিসেম্বরের মধ্যে বাসা ছাড়ার জন্য তন্বীকে নোটিশ দেন। কিন্তু বাড়ি ছাড়ার আগেই গুলির ঘটনা ঘটেছে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হারুন অর রশিদ বলেন, গুলিটি মোতালেবের বাম কানের চামড়া ভেদ করে বের হয়ে গেছে। খুলনা সিটি ইমেজিং সেন্টার তার মাথার স্ক্যান করা হয়েছে। আহত মোতালেব এখন সম্পূর্ণ আশঙ্কামুক্ত। এদিকে, ছেলের ওপর গুলির ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে যান মোতালেবের মা রাবেয়া বেগম ও তার স্ত্রী ফাহিমা আক্তার। 
তারা বলেন, রোববার সন্ধ্যায় মোতালেবের সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। মোতালেব তাদেরকে জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের একজন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার সার্বিক খোঁজখবর নেয়ার জন্য সে হাসপাতালে রয়েছে। এরপর সে বলে, ডাকবাংলোর মোড়ে স্যান্ডেল কেনার জন্য যাবো। এ কথা বলে সে ফোন কেটে দেয়। রাতে আর কোনো কথা হয়নি তার সঙ্গে। বেলা ১১টার দিকে একজন ফোন করে জানায় মোতালেবকে গুলি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেয়ার কারণে প্রতিপক্ষ তাকে গুলি করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তারা। 

এনসিপি’র খুলনা মহানগর সংগঠক আহম্মেদ হামীম রাহাত বলেন, খুলনা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত দিনে খুলনায় অহরহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এই সন্ত্রাসী গ্রুপই আওয়ামী নেতাদের আশীর্বাদপুষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদতেই সন্ত্রাসীরা খুলনাকে অশান্ত করার মিশনে নেমেছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি। সোনাডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, উক্ত ঘটনায় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তাই এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।
এদিকে বেনাপোল (যশোর) প্রতিনিধি জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সীমান্তে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। সম্ভাব্য পলাতক আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে বাড়তি এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।