রিসেট

ভালুকায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০

প্রকাশিত: ২১ ডিসেম্বর (রবিবার), ২০২৫ Archive 2022Source: ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় হযরত মুহম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে দীপুচন্দ্র দাস (৩০)কে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন ১০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে পুলিশ তিনজনকে ও র‌্যাব সাতজনকে গ্রেপ্তার করেছে। শনিবার র‌্যাব-১৪ জানায়, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)। এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তির অভিযোগে দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যার পর লাশে আগুন দিয়েছে তৌহিদী জনতা। নিহত যুবক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবিচন্দ্র দাসের ছেলে ও স্থানীয় পাইওনিয়ার নিটওয়্যারস কারখানার শ্রমিক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করা নিয়ে সহকর্মীর সঙ্গে দীপুচন্দ্র দাসের কথা কাটাকাটি হয়। বিষয়টি তাৎক্ষণিক মিলগেটের বাইরে ছড়িয়ে পড়ে। ঘটনার কিছুক্ষণের মধ্যে প্রায় দেড়-দুই হাজার মানুষ কারখানার সামনে জড়ো হয়। তারা কারখানার গেটের ভেতরে ঢুকে দীপুকে টেনেহিঁচড়ে বাইরে বের করে আনে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দীপু মারা যায়। এই ঘটনায় নিহতের ভাই অপুচন্দ্র দাস বাদী হয়ে ১৪০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে শুক্রবার ভালুকা মডেল থানায় মামলা করেন। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজনদের চিহ্নিত করে ১০ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।