রিসেট

নিজেকে ‘নিশ্চিত এমপি’ দাবি জামায়াত প্রার্থীর

প্রকাশিত: ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নিজেকে ‘নিশ্চিত নির্বাচিত’ বলে দাবি করেছেন কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর। তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় ‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ’। অর্থাৎ ‘এটি তো সিল মারা হয়ে গেছে। আমি এমপি হবো এ বিষয়ে কোনো সন্দেহ নেই, ইনশাআল্লাহ’। গত মঙ্গলবার রাত থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ‘রবিন খান’ নামের একটি প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই তা নানা মহলে আলোচনা সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বাহাদুরকে প্রশ্ন করছেন এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কী মনে হয়? প্রশ্নের জবাবেই বাহাদুরের এই বিতর্কিত মন্তব্য। জামায়াত প্রার্থীর বক্তব্যের পক্ষে-বিপক্ষে নানান মন্তব্য করছেন নেটিজেনরা। মোস্তফা কামাল মন্তব্য করেন, সিল মারা হয়ে গেছে তাহলে এত প্রচারের প্রয়োজন কী! এই কথাই শেখ হাসিনাও বলতো। এবার কী হাসিনা স্টাইলে ভোটের আশা জামায়াত করছে?  ফোরকান নিশো লিখেছেন, দাম্ভিকতার পতন হবেই। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জামায়াত মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি)। সেই পরিচয় থেকেই স্থানীয়দের কাছে তিনি ‘ভিপি বাহাদুর’ নামে বেশি পরিচিত। এ ব্যাপারে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাহাদুর যেহেতু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমি তার বক্তব্যের বিষয়ে কোন মন্তব্য করতে চাই না।