রিসেট

পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ও স্থানান্তরযোগ্য কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে চীন

প্রকাশিত: ২২ নভেম্বর (শনিবার), ২০২৫ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল একটি কৃত্রিম দ্বীপ তৈরি করছে চীন। এর ওজন ৭৮ হাজার টন। এটি একটি কৃত্রিম ভাসমান দ্বীপ। পারমাণবিক বিস্ফোরণও এর কিছু করতে পারবে না। এটি চলনশীল, আধা-ডুবোজাহাজ জাতীয়, যুগ্ম হালযুক্ত একটি প্ল্যাটফর্ম। এতে নতুন কোনো কিছু সরবরাহ ছাড়া ২৩৮ জনকে টানা চার মাস ধরে ধারণ করতে পারবে। বিশ্বে এর আগে এমন কোনো দ্বীপ নির্মাণ করা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এই অবকাঠামোর আকার চীনের ফুজিয়ান বিমানবাহী রণতরির সমান। এটি ২০২৮ সালে কার্যক্রম শুরু করবে। ৬-৯ মিটার উচ্চতার ঢেউ এবং সর্বোচ্চ শ্রেণির (ক্যাটাগরি ১৭) টাইফুনও মোকাবিলা করতে পারে এই কৃত্রিম দ্বীপ। প্রকল্পের নেতৃত্বদানকারী একাডেমিশিয়ান লিন ঝোংচিন ইকোনমিক ইনফরমেশন ডেইলিকে বলেন, আমরা নকশা ও নির্মাণ দ্রুত শেষ করতে গতি বাড়িয়েছি, যাতে ২০২৮ সালের মধ্যেই এটি চালু করা যায়। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীরা জানান- এ স্থাপনায় বিশেষ ‘মেটাম্যাটেরিয়াল’ স্যান্ডউইচ প্যানেল ব্যবহৃত হয়েছে, যা ধ্বংসাত্মক চাপকে নরম চাপের মতো করে ফেলতে পারে।

শাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং দেচিং-এর নেতৃত্বাধীন গবেষক দল লিখেছেন, এই গভীর সমুদ্রের প্রধান বৈজ্ঞানিক স্থাপনাটি সব ধরনের আবহাওয়া উপযোগী এবং দীর্ঘমেয়াদি বসবাসের উপযোগিতা মাথায় রেখে নকশা করা হয়েছে। দলটি আরও জানায়, এর সুপারস্ট্রাকচারে জরুরি বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং নেভিগেশন নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কম্পার্টমেন্ট আছে। এজন্য পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের সরকারি নাম ‘ডিপ-সি অল ওয়েদার রেসিডেন্ট ফ্লোটিং রিসার্স ফ্যাসিলিটি’। দশ বছরের গবেষণা ও পরিকল্পনার পর এটি চীনের ‘দূর-সমুদ্রের ভাসমান মোবাইল দ্বীপ’ হিসেবে তৈরি হচ্ছে। ভাসমান দ্বীপটির দৈর্ঘ্য হবে ১৩৮ মিটার এবং প্রস্থ ৮৫ মিটার। প্রধান ডেকটি পানির সমতল থেকে ৪৫ মিটার উঁচু থাকবে। যদিও চীন একে বেসামরিক বৈজ্ঞানিক অবকাঠামো হিসেবে বর্ণনা করে, তবু এর নকশায় ‘জিজেবি ১০৬০.১-১৯৯১’ উল্লেখ করা আছে। এটি পারমাণবিক বিস্ফোরণ প্রতিরোধের সামরিক মানদণ্ড। অর্থাৎ, এটি সবচেয়ে ভয়াবহ ধরনের পারমাণবিক হামলাও সহ্য করতে সক্ষম।