রিসেট

ফেক আইডি থেকে রাজনৈতিক পোস্ট, আইনি ব্যবস্থা নিচ্ছেন রিচি সোলায়মান

প্রকাশিত: ১৩ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

গত দুই দিন ধরে দেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মানের নামে রাজনৈতিক পোস্ট দেয়া হচ্ছে একাধিক ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে। রিচির নামে করা এ পেজগুলোতে আওয়ামী লীগের দেয়া লকডাউনের পক্ষে পোস্ট দেয়া হচ্ছে। আর সেই পোস্ট দ্রুতই ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এমনকি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন রিচি। এ অভিনেত্রী তার নিজের একমাত্র প্রোফাইল থেকে একটি পোস্টে গতকাল লিখেছেন, আমি রিচি সোলায়মান, একজন অভিনেত্রী। দেশপ্রেম এবং রাজনৈতিক সচেতনতা -দুটোই আমার আছে। কিন্তু যেহেতু রাজনীতি আমার পেশা নয়, আমি কখনোই কোন রাজনৈতিক পোস্ট দেই না বা আলাপ করি না। তাই আমি উদ্বেগের সাথে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তথাকথিত অখ্যাত পত্রিকা আমার ছবি এবং নাম ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য প্রচার করছে। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই-এসব আমার বক্তব্য নয়, এবং এহেন হীন কর্মের আমি তীব্র নিন্দা জানাই।

আজ সকালে আরেক পোস্টে এ অভিনেত্রী লিখেন, আমি গতকালই একটা পোস্টে লিখেছি আমি কোথাও কোন রাজনৈতিক বক্তব্য দেই না। সেই পোস্টে লিখেছিলাম -কিন্তু কিছু তথাকথিত অখ্যাত পত্রিকা আমার ছবি ব্যবহার করে আমার নামে রাজনৈতিক বক্তব্য পোস্ট করছে। কিন্তু আজকে একটা প্রতিষ্ঠিত জাতীয় পত্রিকার নামে নিজের ছবি সহ এমন একটা অসত্য নিউজ কার্ড দেখে যারপরনাই মর্মাহত হয়েছি। এই সংবাদ এই পত্রিকা ছেপেছে কি না সেটারও সত্য মিথ্যা আমি জানি না। তারা যদি ছেপে থাকে গর্হিত অপরাধ করেছে। যে কোন অসত্য সংবাদ ভয়াবহ অপরাধ, সকলকে আহ্বান জানাই, এই সকল বানায়াট অসত্য সংবাদ এড়িয়ে চলার।

এদিকে রিচি আজ মানবজমিনকে জানান, এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি। অভিনেত্রী বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার আইনজীবি পদক্ষেপ নিচ্ছেন। জিডি করা হচ্ছে। পাশাপাশি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকেও জানানো হয়েছে। এমন গুজব ও বানোয়াট নিউজের কারণে অনেকেই এমন পরিস্থিতিতে পড়তে পারেন। তাই আইনি ব্যবস্থা নেয়াটা জরুরি। সেই পথেই এগুচ্ছি।