২০২৪ সালে জাপানে বিদেশী বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা দ্রুত জনসংখ্যাগত পরিবর্তনের উপর ফোকাস করে । বিষয়টি বর্তমানে অভিবাসন নীতিকে দেশটির রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, 'জাপানি নয়' এমন দম্পতিদের ঘরে ২০,০০০-এরও বেশি শিশু জন্মগ্রহণ করেছে, যা মোট নবজাতকের ৩%-এরও বেশি। অন্যদিকে জাপানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে।
নিক্কেই সংবাদপত্র জানিয়েছে যে বিদেশী নবজাতকের সংখ্যা এবং অনুপাত উভয়ই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, অন্যদিকে জাপানিদের মধ্যে জন্মহার হ্রাসে প্রবণতা বাড়ছে। জাপান বিশ্বের দ্রুততম বয়স্ক দেশগুলির মধ্যে একটি এবং জনসংখ্যা টিকিয়ে রাখার লক্ষ্যে প্রয়োজনীয় জন্মহার বৃদ্ধির জন্য প্রচেষ্টা জারি রেখেছে , যা বর্তমানে প্রায় ১২৫ মিলিয়ন।সাম্প্রতিক বছরগুলোতে জাপানে অ-জাপানি জনসংখ্যা ব্যাপকহারে বেড়েছে, কারণ শ্রম বাজারের শূন্যস্থান পূরণের জন্য আরও বেশি অভিবাসী কর্মী নিয়োগ করা হচ্ছে।
এই প্রবণতার ফলেই প্রথমবারের মতো অভিবাসন একটি নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে।মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ২২,৮৭৮ জন বিদেশি শিশুর জন্ম হয়েছে (যাদের বাবা-মা উভয়ই অ-জাপানি অথবা অবিবাহিত বিদেশি মা)। যা এক বছর আগের তুলনায় ৩,০০০-এরও বেশি এবং এক দশক আগের তুলনায় ৫০% বেশি।জাপানি দম্পতিদের ঘরে জন্মগ্রহণকারী সন্তানের সংখ্যা কমে ৬,৮৬,১৭৩-এ দাঁড়িয়েছে - যা আগের বছরের তুলনায় ৪১,১১৫টি কম।
জাতীয়তার ভিত্তিতে, বিদেশী মায়েদের মধ্যে চীনা নারীরা এগিয়ে রয়েছেন , তারপরে রয়েছেন ফিলিপিন্স এবং ব্রাজিলের নারীরা।এই পরিসংখ্যান প্রমাণ করে জাপানে বিদেশী বাসিন্দাদের সংখ্যা বাড়ছে । গত সপ্তাহে অভিবাসন পরিষেবা সংস্থা জানিয়েছে যে বৈধ বিদেশী বাসিন্দার সংখ্যা বেড়ে ৩.৯৫ মিলিয়নে পৌঁছেছে। অনেকের বয়স ২০ এবং ৩০ এর মধ্যে এবং তাদের দেশে দীর্ঘকাল থাকার এবং সন্তান ধারণের সম্ভাবনা বেশি।
ওইজুমির মতো অনেক জাপানি শহরে এখন বিভিন্ন দেশের মানুষের বসবাস, যা ডানপন্থী রাজনীতিবিদদের কঠোর অভিবাসন আইন এবং আরও ভালো একীকরণের দাবি জানাতে উৎসাহিত করেছে। জুলাই মাসের উচ্চকক্ষের নির্বাচনে, সানসেইতো নামে একটি ছোট দল বিদেশি কর্মীদের বিরোধিতা করে প্রচারণা চালানোর পর বেশ ভালো ফল করেছিল।
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির নতুন নেতা সানাই তাকাইচি, যিনি এই মাসে প্রধানমন্ত্রী হওয়ার আশা করছেন, তিনি অভিবাসন এবং বিদেশী পর্যটকদের সংখ্যা বৃদ্ধিকে তার নির্বাচনী প্রচারণার মূল অংশ করে তুলেছেন।কিন্তু শ্রম ঘাটতি ও বয়স্ক জনসংখ্যার বৃদ্ধি অভিবাসনকে আরো উসকে দেবে বলে আশা করা হচ্ছে।বিচারমন্ত্রী কেইসুকে সুজুকি সম্প্রতি বলেছেন যে বিদেশী বাসিন্দাদের অনুপাত ২০৪০ সালের মধ্যে জনসংখ্যার ১০% ছাড়িয়ে যেতে পারে, যা ২০২৩ সালে জাতীয় জনসংখ্যা ও সামাজিক নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের দ্বারা প্রকাশিত একটি পূর্বাভাসের চেয়ে তিন দশক আগেই ঘটবে।বিশেষজ্ঞরা স্থানীয় কর্তৃপক্ষকে বিদেশী পরিবারগুলোকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
কানসাই ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের ভিজিটিং প্রফেসর তোশিহিরো মেনজু নিক্কেইকে বলেন, ‘এখানে জন্ম নেওয়া বিদেশী শিশু এবং তাদের পরিবারের জন্য নীতি এবং সহায়তা অনেক এলাকায় পিছিয়ে রয়েছে। বেশিরভাগই অলাভজনক সংস্থার উপর নির্ভর করে। আমাদের এমন একটি সমাজ তৈরির নীতিমালা প্রয়োজন যেখানে বিদেশী শিশুরা বড় হয়ে জাপানি ভাষায় কথা বলতে পারে, জাপানি নাগরিকদের মতোই উপার্জন করতে পারে এবং তাদের নিজস্ব পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে পারে।’
সূত্র : দ্য গার্ডিয়ান
