রিসেট

শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১১ জানুয়ারি

প্রকাশিত: ১২ অক্টোবর (রবিবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী তিন মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি এ মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ট্রাইব্যুনালে। একইসঙ্গে তদন্ত শেষ করতে আরও তিন মাস সময়ের আবেদন করেন। পরে তার আবেদন মঞ্জুর করে আগামী ১১জানুয়ারি পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল-১।

এ মামলায় মেহেদী খন্দকার নামে একজন গ্রেপ্তার রয়েছেন। তাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে জুলাই-আগস্টে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। ৪০ জনেরও বেশি ছাত্র-জনতা হত্যার শিকার হয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউশন। এ পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৮ জনের বিরুদ্ধে মামলা হয়। তাদের বিরুদ্ধে এরই মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ১১ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ বাকি আসামিদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ১২ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল-১।