দক্ষিণ কোরিয়াকে প্রীতি ম্যাচে ৫-০ গোলে বিধ্বস্ত করে ব্রাজিল। শুক্রবারের ম্যাচে ৭ মাস পর জাতীয় দলের হয়ে নামেন রদ্রিগো। সিউলে জোড়া গোল করে ম্যাচসেরার স্বীকৃতি পান এ রিয়াল মাদ্রিদ তারকাই। সন হিউং-মিনদের সঙ্গে নিজের দুর্দান্ত পারফর্মেন্সে খুশি রদ্রিগো। ম্যাচশেষে জানান, প্রীতি ম্যাচ নয়, বিশ্বকাপ ভেবেই নিজেকে মেলে ধরেন এ সেলেসাও ফরোয়ার্ড।
ব্রাজিলের হয়ে সেদিন জোড়া গোল করেন চেলসির তরুণ ফরোয়ার্ড এস্তেভাও, একটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের আগের চার ম্যাচে স্কোয়াডেই জায়গা পাননি রদ্রিগো। এর আগে হলুদ জার্সিতে নিজের শেষ ম্যাচটি গত মার্চে খেলেন তিনি। জুন ও সেপ্টেম্বরের চার ম্যাচে তার জায়গা হয় বেঞ্চে। রিয়াল মাদ্রিদেও পর্যাপ্ত সময় পাচ্ছেন না ২৪ বছর বয়সী রদ্রিগো। স্প্যানিশ লা লিগার চলতি মৌসুমে ৮ ম্যাচের মধ্যে শুরুর একাদশে তার জায়গা হয় স্রেফ ২ ম্যাচে।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের পর রদ্রিগো বলেন, ‘কিছু সময় জাতীয় দলের বাইরে ছিলাম এবং সত্যিই আমি (দলে না থাকাটা) অনুভব করেছি। এ দু’টি প্রীতি ম্যাচকে বিশ্বকাপের মতো নিয়েছি। সবকিছু ঠিকঠাক হয়েছে। আমার গোল পাওয়ার চেয়েও দলের পারফরম্যান্সে আমি খুশি, দল উন্নতি করছে। বিশ্বকাপের জন্য আমরা সঠিক পথে এগোচ্ছি।’ শিষ্যের প্রশংসা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও। রিয়ালের সাবেক কোচের মতে, ‘খুব ভালো একটি ম্যাচ খেলেছেন’ রদ্রিগো।
এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে জাপানের সঙ্গে খেলবে ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী ১৪ই অক্টোবর বিকাল সাড়ে ৪টায়।
