ইসরাইল ও হামাসের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশংসা করেছেন, তার তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। শান্তি চুক্তি নিয়ে নেতানিয়াহু ও ট্রাম্পকে মোদি স্বাগত জানালেও কেন তিনি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে চুপচাপ? তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। গাজায় হত্যাকাণ্ড নিয়ে ইসরাইলের ভূমিকার সমালোচনার পরিবর্তে মোদির নেতানিয়াহুর শক্তিশালী নেতৃত্বের প্রশংসা করায় সমালোচনা করেছে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশের বক্তব্য, প্রধানমন্ত্রীর এই উৎসাহ আশ্চর্যজনক নয়। কিন্তু চমকে দেবার মতো।
গত ২০ মাস ধরে গাজায় যিনি হত্যাযজ্ঞ চালিয়েছেন সেই নেতানিয়াহুকে বিনা শর্তে প্রশংসা করা লজ্জাজনক ও নৈতিক দিক থেকে আপত্তিজনক। রমেশ বলেন, মোদি স্বতন্ত্র সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও নীরব। ভারত ১৯৮৮ সালে ফিলিস্তিন স্বীকৃতি দিয়েছিল। আজ দেড়শোর বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ভারতের বর্তমান ফিলিস্তিন নীতি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি কংগ্রেস। ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইলের দখলদারি নিয়ে মোদির চুপ থাকা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস।
