এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত হিউম্যান হারমোনি কনফারেন্সে মানবসম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫ পেলেন মালয়েশিয়ার ৪ প্রবাসী বাংলাদেশি। সামিটের এবারের আসরে বাংলাদেশসহ ৮টি দেশের মোট ৪০ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে মানবসম্প্রতি সম্মেলন ও অ্যাওয়ার্ড-২০২৫ আয়োজিত এ অনুষ্ঠানে তাদেরকে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন মালয়েশিয়ায় প্রবাসি বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান এবং ডিবিসি নিউজ ও কালেরকণ্ঠের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী। ব্যবসায়ী ক্যাটাগরিতে সিআইপি মোঃ সাহাবুদ্দিন, এমডি গ্লোবাল রিসোর্স এসডিএন বিএইচডি এর পরিচালক মোঃ মোশাররাফ হোসাইন ছড়াও বাংলাদেশি মালয়েশিয়া মিস স্টার্স ইউনিভার্স এর মুকুট বিজয়ী ও বাংলাদেশের মডেল অনন্যা আফরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী মানবসম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্প ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নের ওপর জোর দেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা, নেপালের পর্যটন ও সিভিল এভিয়েশনের সাবেক মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হোসাইন নিহাদ, ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল জালিল ইসমাইল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। এসময় তিনি বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য মানবসম্প্রীতির গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহজ ভিসা নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
মানবসম্প্রীতি জোরদার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নসহ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীতকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য খাতে অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন উপস্থিত অতিথিরা।
পুরস্কার পাওয়া বাংলাদেশিরা বলেন, এশিয়ার এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে আমরা বাংলাদেশি হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি। যার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। ভবিষ্যতেও এ শিল্পে আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে আসা তাদের।
