নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষার জন্য তিনি যে লড়াই করেছেন, তার জন্যই এই পুরস্কার দেয়া হয়েছে। মাচাদো নোবেল পেতেই তার সঙ্গে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তুলনা করলেন দলেরই মুখপাত্র সুরেন্দ্র রাজপুত। শুক্রবার নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পরই কংগ্রেস মুখপাত্র রাহুল গান্ধীকে নোবেলজয়ীর সঙ্গে তুলনা করেন সুরেন্দ্র । একদিকে মারিয়া কোরিনা মাচাদো ও অন্যদিকে পাঁচ বারের লোকসভা সাংসদ রাহুল গান্ধীর ছবি পোস্ট করে তিনি লেখেন, এই বছর নোবেল শান্তি পুরস্কার দেয়া হল ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রীকে সংবিধান রক্ষার জন্য। ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশের সংবিধান রক্ষার জন্য লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন।
নরওয়ের নোবেল কমিটি ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের পক্ষে তার অটল প্রতিশ্রুতির জন্য মাচাদোকে স্বীকৃতি দিয়েছে। ভারতে কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী 'স্বৈরাচারী' এনডিএ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংগ্রাম চালাচ্ছেন। সাম্প্রতিককালে তিনি ভোট চুরি, ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলা, ইভিএম হ্যাকিং, সংরক্ষণ নীতি বদলের চেষ্টা ইত্যাদি নিয়ে সরব হয়েছেন।
এছাড়া, কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট বেকারত্ব, অর্থনীতির মন্দা, সংখ্যালঘু ও তফসিলি জাতি-উপজাতির অধিকার খর্ব এবং ভিন্নমত দমন- এ সব ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে একযোগে অবস্থান নিয়েছে। কংগ্রেস শিবিরের অভিযোগ, এনডিএ সরকারের অধীনে ভারতে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধের মৃত্যু হয়েছে। কংগ্রেস নেতা তা রক্ষা করার জন্য লড়াই করছেন।
বিজেপির তরফে কংগ্রেসের দাবির কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। কংগ্রেসের দাবিকে ‘উদ্ভট’ বলে আখ্যা দিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ‘কংগ্রেস রাহুল গান্ধীর জন্য নোবেল পুরষ্কার দাবি করছে ১) ভণ্ডামি ২) মিথ্যা বলা ৩) ৯৯ বার নির্বাচনে হারার জন্য তিনি এটি পাবেন।’
(ইন্ডিয়া টুডে এবং ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে অনুবাদিত)
