রিসেট

কাবুলে দূতাবাস খুলতে চলেছে ভারত

প্রকাশিত: ১০ অক্টোবর (শুক্রবার), ২০২৫ Archive 2022Source: মানবজমিন ডিজিটাল

কাবুলে টেকনিক্যাল মিশনকে দূতাবাসের মর্যাদায় আপগ্রেড করবে ভারত। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে দ্বিপাক্ষিক আলোচনার পর একথা উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ‘আমি আজ কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে ভারতীয় দূতাবাসের মর্যাদায় উন্নীত করার ঘোষণা করতে পেরে আনন্দিত। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’ মুত্তাকির উপস্থিতিতে জয়শঙ্কর আরো বলেন, ‘আমাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আপনার জাতীয় উন্নয়ন, সেইসাথে আঞ্চলিক স্থিতিশীলতা এবং স্থিতিস্থাপকতায় অবদান রাখবে।’

জয়শঙ্কর তালেবান শাসিত দেশে খনির সুযোগ অন্বেষণ করার জন্য ভারতীয় কোম্পানিগুলোকে আফগানিস্তানে যাওয়ার আমন্ত্রণের প্রশংসা করেছেন। জয়শঙ্কর একটি দ্বিপাক্ষিক বৈঠকের সময় বলেন, ‘আফগানিস্তানে খনির সুযোগগুলো অন্বেষণ করার জন্য ভারতীয় সংস্থাগুলোকে আপনার আমন্ত্রণও গভীরভাবে প্রশংসনীয়। বিষয়টি নিয়ে আরও আলোচনা করা যেতে পারে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমাদের একটি যৌথ আগ্রহ রয়েছে। আমি কাবুল এবং নয়াদিল্লির মধ্যে অতিরিক্ত ফ্লাইট শুরু করার বিষয়টি নিয়ে আগ্রহী।’

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাবুল নয়াদিল্লির সঙ্গে তার সম্পৃক্ততা ও আদান-প্রদান বাড়াবে এবং কোনও গোষ্ঠীকে অন্যের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। মুত্তাকি বলেন, ‘আমি দিল্লিতে এসে আনন্দিত। এই সফর দুই দেশের মধ্যে বোঝাপড়া বাড়াবে। ভারত ও আফগানিস্তানের উচিত তাদের সম্পৃক্ততা এবং আদান-প্রদান বৃদ্ধি করা...আমরা কোনো গোষ্ঠীকে আমাদের ভূখণ্ড অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না।’

তিনি সাম্প্রতিক ভূমিকম্পের সময় আফগানিস্তানকে সাহায্য করার জন্য ভারতকে একটি ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলেও অভিহিত করেছেন। বলেছেন, কাবুল পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য এবং জনগণের মধ্যে আদানপ্রদানের ভিত্তিতে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে  চায়।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া