খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত ৮টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইমরান মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে। সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিল এবং ইট-বালুর ব্যবসা করতো বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, নিহত ইমরান খুলনার গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
