অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে বিদেশের মাটিতে লীগ ম্যাচ আয়োজনের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা (উয়েফা)। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, নিজ দেশের বাইরে গিয়ে ঘরোয়া লীগের ম্যাচ আয়োজন ধারণার স্পষ্ট বিরোধী তারা। তবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অস্পষ্ট নীতিমালার কারণে ব্যতিক্রম হিসেবে দু’টি প্রস্তাবে সম্মতি দিয়েছে উয়েফা। দু’টি প্রস্তাবের একটি স্প্যানিশ লা লিগার বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ, অন্যটি ইতালিয়ান সিরি আর এসি মিলান-কোমো ম্যাচ।
বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে গত কয়েক মাস ধরেই। গেলো মাসে উয়েফা জানায়, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধন্তে উপনীত হওয়ার আগে দর্শকসহ সকল অংশীদারদের সঙ্গে তারা পরামর্শ করবে। এরপর ইউরোপের সমর্থকগোষ্ঠীগুলোর তীব্র বিরোধীতার মধ্য দিয়েই এমন সিদ্ধান্ত নিলো উয়েফা। নিজেদের বিবৃতিতে সংস্থাটি বলে, ‘আজ আমরা ফের স্পষ্ট করে বলছি, নিজ দেশের বাইরে ঘরোয়া লীগের ম্যাচ আয়োজনের বিরোধিতায় উয়েফা অটল রয়েছে। গত মাসে আলবেনিয়ার তিরানায় নির্বাহী কমিটির বৈঠকের পর বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ করা হয়। সেখানে ভক্ত, লীগ, ক্লাব, খেলোয়াড় ও ইউরোপিয়ান প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যাপক আপত্তির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’ তারা আরও বলে, ‘বর্তমানে পর্যালোচনার অধীনে থাকা সংশ্লিষ্ট ফিফা নীতিমালা পর্যাপ্ত স্পষ্ট ও বিস্তারিত নয়, ফলে উয়েফা নির্বাহী কমিটি ব্যতিক্রম হিসেবে এ দু’টি প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও অনুমোদন করেছে। ভবিষ্যতে যেনো ঘরোয়া প্রতিযোগিতার স্বকীয়তা ও ক্লাব–সমর্থক সম্পর্ক অক্ষুণ্ণ থাকে, সে লক্ষ্যে ফিফার সঙ্গে কাজ করবে উয়েফা।’
আগামী ২০-২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে বার্সা-ভিয়ারিয়াল ম্যাচ। আর আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থে আয়োজিত হবে এসি মিলান-কোমোর ম্যাচটি। আগে থেকেই এমন সিদ্ধান্তের বিরোধীতা করে আসছে খেলোয়াড় সংগঠন (এএফই), সমর্থকগোষ্ঠী, ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো। অল হোয়াইটরা জানিয়েছে, বিদেশের মাটিতে লীগ ম্যাচ আয়োজন করলে তাতে প্রতিযোগিতার সৌন্দর্য্য নষ্ট হবে। বিষয়টি নিয়ে ক্রীড়া সালিসি আদালতে (সিএসএস) যেতে পারেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
অন্যদিকে, ২১শে ডিসেম্বর হার্ড রক স্টেডিয়ামে এনএফএলের দল মায়ামি ডলফিনসের সঙ্গে খেলার সূচি আছে সিনসিনাটি বেঙ্গলসের। একদিনের ব্যবধানে দু’টি বড় ম্যাচ কীভাবে আয়োজিত হবে, সেটিই এখন দেখার বিষয়।
