রিসেট

‘ভুলে যাওয়ার ক্ষত থেকে বিদায় নেয়াই ভালো’

প্রকাশিত: ৭ অক্টোবর (মঙ্গলবার), ২০২৫ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার এক কনসার্ট থেকে সংগীতকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। এবার ঢাকার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিদায় নেয়ার কারণ ব্যাখ্যা করলেন তিনি। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি প্রযুক্তিভিত্তিক ইভেন্টে যোগ দিয়েছিলেন এই গায়ক। যেই প্রতিষ্ঠানটির ইভেন্ট, সেই প্রতিষ্ঠানেরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান। সেখানে কয়েকটি গানও গেয়ে শোনান তিনি। অনুষ্ঠানে তাহসান এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিশ্চিত নই যে, এই বিষয়ে কথা বলার জন্য এটি সঠিক মঞ্চ। কারণ, মানুষ মঞ্চে আমার বলা কথার কেবল অংশবিশেষ নেয় এবং তা দিয়ে আরেকটি খবর তৈরি করে ফেলে। তাই আমাকে খুব সতর্ক থাকতে হয় যে, আমি কী বলছি। তাহসান বলেন, অনেক বছর আগে আমার ভাই আমাকে বলেছিলেন যে, সংগীতশিল্পীদের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিতে সময়কাল খুব সীমিত। কেন তুমি ঝুঁকি নিচ্ছো? আমি তখন একটি চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি। আমার ভাইয়ের কথা ছিল, যেকোনো শিল্পীর মেয়াদকাল খুব কম। তুমি এই এরিয়াতে গেলে আবার তো ফেরত আসতে পারবে। সো আমি এটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম যে, শিল্পীর মেয়াদকাল কম হতে পারে, কিন্তু শিল্পীকে তৈরি করা ‘আর্ট’র মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে। তাহসান আরও বলেন, আমার মনে হয়েছে যে, আমি ততটুকু সময়ই কাজ করবো যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে থাকবো। আমি দেখেছি অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে। কিন্তু এই ক্যারিয়ারটায় যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। সো ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেয়াই ভালো।