মর্মান্তিক ! ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে সাওয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ-তে আগুন। তাতে অন্তত ৬ রোগীর মৃত্যু হয়েছে বলে খবর। রোগীর পরিবারের সদস্যদের অভিযোগ, আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের কর্মীরা পালিয়ে যান। পিটিআই জানিয়েছে, কী থেকে আগুন লাগল, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
আগুন হাসপাতাল বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে ছড়িয়ে পড়ে। ট্রমা কেয়ারের ইন-চার্জ চিকিৎসক অনুরাগ ধাকড় জানিয়েছেন, হাসপাতালের নিউরো আইসিইউ বিভাগে মোট ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। সেখানকার একটি গুদামে প্রথম আগুন লাগে। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আইসিইউতে।
অনুরাগের কথায়, ‘‘অগ্নিকাণ্ডে মোট ছ’জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জন পুরুষ এবং দু’জন নারী। বাকিদের নিরাপদে আইসিইউ থেকে বার করে আনা গেছে। অন্যত্র তাদের চিকিৎসা চলছে।’’
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কয়েক জন মন্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন, চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম সোমবার সকালে হাসপাতাল থেকে বলেন, ‘‘শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আইসিইউতে। মুখ্যমন্ত্রীও এসেছেন। আমরা সকলে এখনও এখানেই আছি। উদ্ধারকাজ চলছে। আহতদের চিকিৎসা করা এবং দ্রুত তাঁদের সুস্থ করে তোলাই এখন আমাদের অগ্রাধিকার।’’
অগ্নিকাণ্ডে হাসপাতালের অনেক সরঞ্জামের ক্ষতি হয়েছে। পুড়েছে বহু গুরুত্বপূর্ণ নথি, রক্তের নমুনা এবং অন্যান্য সামগ্রী। কর্তৃপক্ষের দাবি, রোগীদের উদ্ধারকেই গুরুত্ব দেয়া হচ্ছে । অগ্নিকাণ্ড নিয়ে রোগীদের আত্মীয়েরা ক্ষুব্ধ। মন্ত্রীদের দেখে তারা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, জ্বলন্ত আইসিইউ-তে রোগীদের রেখেই হাসপাতালের কর্মীরা পালিয়ে গিয়েছিলেন। উদ্ধারের চেষ্টা করা হয়নি। আত্মীয়দের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সূত্র : বিবিসি
