রিসেট

ঢাকা আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৫ Archive 2022Source: মিজানুর রহমান

ঢাকা আসছেন মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি (অ্যাসিস্ট্যান্ট ইউএসটিআর) ব্রেন্ডেন লিঞ্চ। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্যনীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ইউএসটিআর-এর  ওই কর্মকর্তার আগামী ১৪ই সেপ্টেম্বর ৩ দিনের সফরে বাংলাদেশে পৌঁছানোর কথা। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে-ঢাকায় লিঞ্চের এটা তৃতীয় সফর। গত বছর জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে দু’দফা ঢাকা সফর করেন তিনি।
চলতি বছরের জুলাই মাসের সমাপনীতে ওয়াশিংটনে শুল্ক বিষয়ক সমঝোতার পার্ট ছিলেন তিনি। সেই সমঝোতার পর মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের কোনো সিনিয়র কর্মকর্তার এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। ট্রাম্প প্রশাসনের মন পেতে উড়োজাহাজ, গম, প্রতিরক্ষা সরঞ্জামাদিসহ নানা রকম ক্রয়ের অঙ্গীকার করে অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রেক্ষিতে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। সূত্র  বলছে, লিঞ্চের সফরে ক্রয়ের সেই সব অঙ্গীকারের বাস্তবায়ন নিয়ে আলোচনা ছাড়া দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা হবে। সেখানে বাংলাদেশের শ্রমমান, মেধাস্বত্ব আইনের বাস্তবায়ন এবং বিনিয়োগের পরিবেশ নিয়েও আলোচনা হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মতে,
লিঞ্চের এই সফরে দুই দেশের মধ্যকার শুল্ক বাধা কমানো, ডিজিটাল বাণিজ্য এবং মার্কিন বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও অনুকূল পরিবেশ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। শিল্প খাতে টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অবাধ প্রবেশাধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ওয়াকিবহাল কর্মকর্তারা মনে করেন, ব্রেন্ডেন লিঞ্চের সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, তবে বাংলাদেশের জন্য শ্রম আইন এবং শ্রমিক কল্যাণে আরও কার্যকরী পদক্ষেপের চাপ বাড়বে। সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার বৈঠক হতে পারে।