রিসেট

ট্রাম্পের হুমকি ‘অন্যায্য ও অযৌক্তিক’: ভারত

প্রকাশিত: ৫ আগস্ট (মঙ্গলবার), ২০২৫ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুল্ক বৃদ্ধির যে হুমকি দিয়েছেন তা ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে দিল্লি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রই ভারতকে রাশিয়ার গ্যাস আমদানিতে উৎসাহিত করেছে। যেন বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল থাকে। তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর ইউরোপীয় দেশগুলো প্রচলিত তেল সরবরাহ গ্রহণ বন্ধ করায় ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে হয়েছে। ভারত নিজের জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন জয়সওয়াল। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এতে বলা হয়, রাশিয়ার তেল কেনার কারণে ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকিকে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে ভারত । সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন, রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করা হবে।

গণমাধ্যমটি বলছে, বর্তমানে রাশিয়ার অন্যতম বৃহৎ  তেল আমদানিকারক দেশ ভারত। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যখন ইউরোপীয় দেশগুলো রুশ তেল কেনা কমিয়ে দেয়, তখন ভারত মস্কোর জন্য গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়। ট্রাম্প তার পোস্টে বলেন, ভারত বিপুল পরিমাণ রুশ তেল কিনছে এবং এর অনেকটাই আন্তর্জাতিক বাজারে লাভের জন্য বিক্রি করছে। এ কারণেই তিনি ভারতের ওপর শুল্ক চড়াও করবেন।

ভারত বলছে, যেখানে যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে সেখানে ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের পদক্ষেপ দ্বিমুখী নীতি। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ-এর প্রধান ও সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, ট্রাম্পের অভিযোগ ভুল। ভারতের তেল কেনা সব সময়ই স্বচ্ছ ও মার্কিন প্রশাসনের জানা ছিল। তিনি বলেন, ভারতের রিফাইনারিগুলো স্বতন্ত্রভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়, সরকারের অনুমোদন লাগে না।

অন্যদিকে, ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রতি তার অবস্থানে কিছুটা কঠোর হয়েছেন। তিনি বলেছেন, যদি ৮ আগস্টের মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ না হয়, তবে রুশ রপ্তানির ওপর কড়া শুল্ক আরোপ করবেন। এ সপ্তাহেই মার্কিন দূত স্টিভ উইটকফ রাশিয়া সফরে যাচ্ছেন এবং সেখানে পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।