রাশিয়ার নির্দিষ্ট অঞ্চলের কাছে মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন নিয়ে ট্রাম্প যে নির্দেশ দিয়েছে তা একেবারেই পাত্তা দেয়নি ক্রেমলিন। ওই নির্দেশকে গুরুত্বহীন বলে মনে করছে মস্কো। যা নিয়ে কোনো বিতর্কে জড়ানোর ইচ্ছা তাদের নেই। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওই নির্দেশের পর প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো পুতিনের প্রশাসন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন সাবমেরিনগুলো যুদ্ধের দায়িত্ব পালন করছে। তবে এ নিয়ে উত্তেজনা বৃদ্ধির কোনো সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
দিমিত্রি বলেন, বেশ জটিল ও সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা চলছে, যা অনেককেই আবেগতাড়িত করতে পারে। তবে পারমাণবিক বিষয়ে কথা বলার জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। রুশ মিডিয়া বলছে, বুধবার মস্কো সফর করবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে গত সপ্তাহে, মার্কিন দুটি সাবমেরিন রাশিয়ার আরও কাছে সরিয়ে নেয়ার নির্দেশ দেন ট্রাম্প। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ট্রাম্পের ওই নির্দেশনা অত্যন্ত উত্তেজক বলে অভিহিত করেছেন তিনি। তবে ওই সাবমেরিনগুলো পারমাণবিক শক্তিসম্পন্ন নাকি সরাসরি পারমাণবিক অস্ত্রধারী তা স্পষ্ট করেননি ট্রাম্প।
সম্প্রতি পশ্চিমাদের বিরুদ্ধে অনলাইনে বেশ সরব মেদভেদেভ। ট্রাম্পকে লক্ষ্য করে একাধিকবার উত্তপ্ত বাক্য ছুড়েছেন রাশিয়ার সাবেক এই নেতা। রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ‘আল্টিমেটাম গেম’ খেলছেন বলেও অভিযোগ করেছেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষ করতে সময় বেধে দেয়ায় ওমন মন্তব্য করেছিলেন মেদভেদেভ। সরাসরি তার কথা উল্লেখ না করে দিমিত্রি পেসকভ সোমবার বলেন, প্রতিটি দেশের নেতৃত্বের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। এক্ষেত্রে রাশিয়ার পররাষ্ট্র নীতি পুরোটাই পরিচালনা করেন পুতিন।
জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ইতিবাচক মোড় নেয়। তবে সম্প্রতি ইউক্রেন ইস্যুতে সেই অবস্থান থেকে সরে এসেছে দুই দেশ। বিশেষ করে ট্রাম্পের সময় বেধে দেয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করছে মস্কো। ৮ আগস্টের মধ্যে শান্তি চুক্তিতে না আসলে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। যা দুই দেশের মধ্যে ফের উত্তেজনাকেই স্বাগত জানায়। অবশ্য এর মধ্যেও মস্কো-ওয়াশিংটন যোগাযোগ অব্যাহত রয়েছে। রাশিয়ায় উইটকফের সফরকে স্বাগত জানিয়েছেন পেসকভ।
