রিসেট

ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ১৭ জুন (মঙ্গলবার), ২০২৫ Archive 2022Source: মানবজমিন ডেস্ক

ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। যুদ্ধ শুরু হওয়ার পঞ্চম দিনেও উত্তেজনা না কমায় মঙ্গলবার এই আহ্বান জানান তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, স্পেনের এই মন্ত্রী গাজায় গণহত্যা চালানোর দায়েও ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানান। ব্লুমবার্গ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে আলবারেস বলেছেন, বিশ্বের মধ্যে আমরা ইসরাইলের বড় বাণিজ্য অংশীদার। যার মধ্যে ইউরোপীয়ান ইউনিয়নও অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত ইরান-ইসরাইল যুদ্ধ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ইউরোপীয় অংশীদারদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আর এ সময়ের মধ্যে ইসরাইলকে অস্ত্র দেয়া যাবে না। ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় সংলাপ শুরু করার আহ্বানও জানিয়েছেন আলবারেস। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণের পর শান্তি অর্জনের জন্য ইইউ যেভাবে কাজ করেছিল, সেভাবেই ইরান-ইসরাইল নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।