১৯৯৮ সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘এই দেশে এক শহর ছিল’- গানে কণ্ঠ দিয়ে বেশ পরিচিতি পান কণ্ঠশিল্পী নাফিস কামাল। কাওসার আহমেদ চৌধুরীর লেখা সেই গানটির সুর করেছিলেন নকীব খান। দীর্ঘ বিরতির পর আবারো গানে ফিরেছেন নাফিস। উপমহাদেশের অন্যতম চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক স্মরণে তার ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর লেখা ‘স্মরণে ঋত্বিক’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পী নাফিস কামাল এ ঘোষণা দেন। গানটির প্রযোজক সংস্থা কুল এক্সপোজার। গানটিতে সুরারোপ করেছেন সৈয়দ কল্লোল। ‘স্টুডিও আবোল তাবোল’ টিম গানটি এনিমেটেড ফর্মে চিত্রায়ণ করছে। আগামী ২২শে ফেব্রুয়ারি গীতিকবি কাওসার আহমেদ চৌধুরীর প্রয়াণ দিবসে মুক্তি পাবে এই গানের ভিডিও। সেদিন গানটি নাফিসের ইউটিউব চ্যানেল থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হবে। নাফিস কামাল জানান, ঋত্বিক ঘটক ও কবি কাওসার আহমেদ চৌধুরীর সম্পর্কের গভীর ভাব, আবেগ আর শূন্যতার বেদনা নিয়ে রচিত হয়েছে ‘স্মরণে ঋত্বিক’।
