রিসেট

এপ্রিলে বিজিএমইএ নির্বাচন

প্রকাশিত: ১৩ জানুয়ারি (সোমবার), ২০২৫ Archive 2022Source: অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন নিয়ে প্রশাসক আনোয়ার হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সম্মিলিত পরিষদ ও ফোরামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয় চলতি জানুয়ারি মাসের শেষ নাগাদ নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হবে এবং এপ্রিল মাসের শেষ নাগাদ নির্বাচন কার্যক্রম সম্পন্ন হবে। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, এসএম ফজলুল হক, আনোয়ার-উল-পারভেজ, খন্দকার রফিকুল ইসলাম এবং সম্মিলিত পরিষদ ও ফোরামের প্যানেলের নেতারা। বৈঠকে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পোশাক শিল্পকে আরও এগিয়ে নেয়ার জন্য সবাই একসঙ্গে কাজ করবেন বলে জানান। এ ছাড়া বৈঠকে পোশাক শিল্পের সমসাময়িক বিভিন্ন ইস্যু, বিশেষ করে চলমান জ্বালানি সংকট, ব্যাংক ও এনবিআর সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং শিল্পের জন্য করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে সবার সার্বিক সহযোগিতায় নির্বাচনের কাজ চলছে।