রিসেট

আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপি’র ৩ সংগঠন

প্রকাশিত: ৭ ডিসেম্বর (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

আগরতলা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি। ঢাকা থেকে আগরতলা অভিমুখে এই লংমার্চ হবে। এই কর্মসূচি জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ ব্যানারে অনুষ্ঠিত হবে। তবে লংমার্চের ধরন, দিন ও তারিখ এখনো নির্ধারিত হয়নি। আজ এই তিন সংগঠনের বৈঠকে দিন ও তারিখ নির্ধারণের কথা রয়েছে। বৃহস্পতিবার তিন সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। 
বিএনপি বলছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর ও পরবর্তীতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তার জামিন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। এসব ইস্যুসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর ও জাতীয় পতাকার অবমাননা করা হয়। এসব ঘটনায় বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়।
এমন পরিস্থিতিতে বিএনপি’র নীতিনির্ধারকরা মনে করেছেন, ভারতের এমন আচরণ কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা অযাচিতভাবে হস্তক্ষেপ করছে। এসব কারণে ভারতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। তারই ধারাবাহিকতায় আগরতলা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি’র তিন অঙ্গসহযোগী সংগঠন।