রিসেট

নোয়াখালীতে সাংবাদিককে গুম করার হুমকি

প্রকাশিত: ২০ নভেম্বর (বুধবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সাথে অশোভনীয় আচরণের সংবাদ প্রকাশ করার কারণে চাটখিল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক রুবেল হোসেনকে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে হেনস্থা করে প্রকাশ্যে গুম করার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঐ সাংবাদিক সহ তার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। পরবর্তীতে সাংবাদিক রুবেল হোসেন গতকাল মঙ্গলবার সকালে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, চলতি বছরের ২৬শে মে প্রধান শিক্ষক মোরশেদ আলমের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশের জেরে  সাংবাদিক রুবেল হোসেনকে বিভিন্ন লোকমারফত হুমকি-ধামকি দিয়ে আসছেন। সোমবার রুবেল চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আসরের নামাজ আদায় করে বের হয়ে শাহাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের তার শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন কে সালাম শুভেচ্ছা বিনিময় করে চা খাওয়ার অনুরোধ করে। এমতাবস্থায় হঠাৎ ঐ প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন, মসজিদ থেকে বের হয়ে রুবেলের দিকে মারমুখো আচরণে ছুঁটে এসে হুমকি দিয়ে বলেন, তুই আমার বিরুদ্ধে নিউজ করছত। তুই কত বড় সাংবাদিক আমি তোকে দেখে ছাড়বো। এক সপ্তাহের মধ্যে তুই আমার অফিসে না আসলে তোরে এমনভাবে তুলে নিবো টেরও পাবি না। একদম শেষ করে দিবো, তোর মামা নজরুলকেও শেষ করবো। তোরে তোর সাংবাদিক হাবিব বাঁচাতে পারবে না।

এসময় তিনি তার দিকে তেড়ে আসলে উপস্থিত মাওলানা দেলোয়ার হোসেন তাকে টেনে নিয়ে যান। ঘটনার সময় বিভিন্ন বিদ্যালয়ের ১০/১২ জন শিক্ষক সহ বহু মুসল্লি উপস্থিত ছিলেন। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন চাটখিল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এ বিষয়ে মোরশেদ আলম স্বপনের মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে কোন সদুত্তর না দিয়ে পাল্টা ধমক দিয়ে বলেন, তিনি সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করবেন। চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।