রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে মো. আলম হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার দুপুরে মালিবাগ রেলগেট এলাকায় এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. আলম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা আবু বক্কার সিদ্দিকী জানান, মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে আলম। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. আলম নোয়াখালী জেলা সোনাইমুড়ি থানার বটগ্রামের সিরাজুল হকের সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
