রিসেট

তারেককে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করবো: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৭ মে (সোমবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন একটাই কাজ, ওই কুলাঙ্গারটাকে ফেরত নিয়ে আসা। ১০ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক জিয়া যেখানেই থাক, আমরা তাকে ফিরিয়ে আনব। গতকাল গণভবনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে যেন বাংলাদেশে ফেরত দেয়। আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব।

 তিনি বলেন, দেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় দেখতে চায় না। ওই কুলাঙ্গারটার সাজা কার্যকর করতে পারলে এ দেশের মানুষ জঙ্গিবাদ ও অগ্নিসন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাবে। তারা ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে যে অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াও করেছে, তা থেকে মানুষ মুক্তি পাবে। আওয়ামী লীগ সভাপতি বলেন, ওই সাজাপ্রাপ্ত আসামি তারেক আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি যারা বিদেশে পলাতক রয়েছেন, তাদেরও ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি ও দেশের অগ্রগতি অব্যাহত রাখা- এটাই আমার লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা সেভাবে কাজ করছি। নিজের নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের শেখ হাসিনা বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। সেই দায়িত্বটাও আমার নির্বাচনী এলাকা কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার মানুষকে নিতে হবে। যে যেখানে আছে, এটা সবার কাছে প্রচার করতে হবে। এটা খুবই দরকার।