রিসেট

ওপেনিং জুটি স্বস্তি দিলেও চিন্তা জাগালো মিডল অর্ডার

প্রকাশিত: ১১ মে (শনিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

১০১ রানের ওপেনিং জুটি, টি-টোয়েন্টিতে যে কোনো দলের জন্যই দুর্দান্ত শুরু। ওপেনিং নিয়ে সাম্প্রতিক সময়ে সমস্যায় ভোগা বাংলাদেশের জন্য সেটা বরং বাড়তি স্বস্তির। তবে স্বস্তিটা গতকাল বেশিক্ষণ থাকেনি টাইগারদের। বলা ভালো মিডল অর্ডার ব্যাটারদের একের পর এক আত্মাহুতি সেটা থাকতে দেয়নি। যে কোনো সংস্করণে টপ অর্ডার নিয়ে বাংলাদেশ দলের সমস্যাটা নতুন নয়। প্রতি ম্যাচের আগেই টপ অর্ডার বিশেষ করে ওপেনিং জুটি নিয়ে আলোচনা হয় বেশি। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজেও প্রথম ৩ ম্যাচে বড় হয়নি ওপেনিং জুটি। চতুর্থ ম্যাচে গতকাল লিটন কুমার দাসের জায়গায় একাদশে আসেন সৌম্য সরকার। তাতেই যেন চেহারা বদলে যায় ওপেনিং জুটির, দুজনে মিলে গড়েন শতোর্ধ রানের জুটি। অথচ শুরু এত ভালোর পরও মিডল অর্ডার ব্যাটারদের উইকেট ছুড়ে দেওয়ায় আচমকা পথ হারায় বাংলাদেশ। যে উইকেটে তামিম-সৌম্য স্ট্রোকের মেলা বসালেন সেই উইকেটই যেন মিডল অর্ডার ব্যাটারদের জন্য মৃত্যুকুপ হয়ে দাড়ালো!  

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এর মধ্যে ৪২ রানেই হারায় শেষ ১০ উইকেট। শেষ ৮ ব্যাটারের মধ্যে মাত্র ১জন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন, তাওহীদ হৃদয় (১২)। ফলে ওপেনারদের স্বস্তি দেওয়ার দিনে বাড়তি চিন্তা জোগালেন মিডল অর্ডার ব্যাটাররা। এদিন ১০১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। টি-টোয়েন্টি ওপেনিং জুটিতে এটি বাংলাদেশের তৃতীয় ১০০ বা তার বেশি রানের জুটি। যেখানে দুটিতে জড়িয়ে আছে সৌম্য সরকারের নাম। আর সব উইকেট মিলিয়ে অষ্টম। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০২ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও নাঈম শেখ। টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে এটিই বাংলাদেশের প্রথম শতরানের জুটি। এরপর গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ১২৪ রানের ওপেনিং জুটি গড়েন লিটন কুমার দাস ও রনি তালুকদার। ওপেনিং জুটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। সব উইকেট মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের। ২০১২ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে এই দুজন ১৩২ রানের জুটি গড়েন। 

গতকাল প্রথম দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০ রান। চোট কাটিয়ে ফেরা সৌম্য শুরুতে কিছুটা অস্বস্তিতে ছিলেন আর তার সঙ্গী তানজীদ হাসান তামিম সময় নিচ্ছিলেন কিছুটা। তবে তৃতীয় ওভার থেকে হাত খোলা শুরু করেন তামিম। ঐ ওভারে জিম্বাবুয়ের অধিনায়ক স্পিনার সিকান্দার রাজাকে ২ চার হাঁকান তিনি। পরের দুই ওভারে তার ব্যাট থেকে আসে আরও ৪টি চার। পঞ্চম ওভারে হাঁকান আরও একটি চার। একপ্রান্তে দর্শক বনে যাওয়া সৌম্য পাওয়ার ৭ম ওভারে স্পিনার ব্রাইন বেনেটকে রিভার্স সুইপে ছক্কা হাঁকিয়ে খোলস ছেড়ে বের হওয়ার ইঙ্গিত দেন। পরের ওভারে মারেন আরও এক ছক্কা। ইনিংসের ৯ম ওভারে ছক্কা হাঁকানোর দুই বল পর ৩৪তম বলে ফিফটি পূর্ণ করেন তামিম। এরপরই ফিরতে পারতেন তামিম, তবে লং অফে তার সহজ ক্যাচ ফেলেন বেনেট। যদিও এরপরও বেশিক্ষণ টেকেননি। ব্যক্তিগত ৫২ রানে আউট হন তিনি। ৩৭ বলের ইনিংসে তামিম হাঁকান ৭ চার ও ১ ছক্কা। এর আগে ১১তম ওভারের শেষ বলে তাদের জুটিতে পূর্ণ হয় শতরান। তবে দুই ওপেনার এত ভালো শুরু এনে দিলেও এরপর মিডল অর্ডার ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। ১০১ থেকে ১২৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় টাইগাররা। তামিম ফেরার পর দ্রুত ফেরেন সৌম্যে। তার ব্যাট থেকে আসে ৪১ রান। এরপর একে একে ফেরেন তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। ফলে কয়েক ওভার আগেই বড় সংগ্রহের দিকে এগোতে থাকা বাংলাদেশের লক্ষ্য তখন দাঁড়ায় লড়াকু স্কোর! ১১ ওভারে ১০০ রান যোগ হওয়া স্কোরবোর্ডে শেষ ৯ ওভারে ১০ উইকেট হারিয়ে যোগ হয় মাত্র ৪২ রান।