জিয়ানলুকা পালিউকা ছিলেন ১৯৯০ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ইতালি জাতীয় ফুটবল দলের অপরিহার্য সদস্য। ১৯৯০ বিশ্বকাপে ঘরের মাঠে ম্যারাডোনার মুখোমুখি হওয়া, দলে বড় বড় তারকা থাকতেও ডাক পাওয়া ইত্যাদি নিয়ে পালিউকার অনুভূতি জানতে চেয়েছিল ফিফা ডটকম।
প্রশ্নঃ নিজের মাঠের বিশ্বকাপে প্রথমবার যখন আপনি ইতালির জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তখন আপনার কেমন লেগেছিল?
জিয়ানলুকা পালিউকা: ওয়াল্টার জেঙ্গা ও স্টিফানো ট্যাকোনির মতো গোলকিপার থাকতে দলে সুযোগ পাওয়া আমার জন্য ছিল কঠিন ব্যাপার। টিম হোটেল ছেড়ে প্রথম দিন যখন খেলার মাঠে যাচ্ছিল আমাদের টিম বাস, তখন চারপাশ থেকে সমর্থকদের চিৎকারের ভেতর নিজেকে মনে হচ্ছিল প্রথম একাদশেরই একজন। এখনকার ছেলেরা ম্যাচ শেষেই নিজের রুমে দৌঁড় দেয়, আমাদের সময় তেমন ছিল না। ওয়াল্টার জেঙ্গা আর স্টিফানোর সাথেই আমি বাইরে ঘুরতে গিয়েছি, হোটেলে গিয়েছি। সত্যি বলতে সেটিই ছিল আমার প্রথম কোনো সিগারেট খাওয়া। আমাদের মধ্যে কিন্তু শ্রদ্ধার ঘাটতি ছিল না।
একই সময় সালভাতর টোটো শিলাচির মতো খেলোয়াড়ও দলে অন্তর্ভুক্ত হন, কীভাবে নিজেকে পরিবর্তন করে নিতে দেখেন তাকে? কীভাবে তিনি আপনার অনুপ্রেরণা হয়ে ওঠেন?
পালিউকা: আমি তার নিজেকে পরিবর্তন করাটা আমার ক্ষেত্রে কাজে লাগিয়েছি। দেখেছি সে কিভাবে একটু একটু করে দলের জন্য নিজেকে পরিবর্তন করেছে। তাকে যখন দলে খেলার জন্য ডাকা হয় একই সময় কোচের হাতে ছিলো অনেকগুলো বিকল্প। জিয়ানলুকা ভিয়াল্লি ছিল দলের জন্য ফার্স্ট চয়েস। তারপর ছিল আন্দ্রে কার্নিভাল, আল্ডো সেরেনা, রবার্তো মানচিনি, রবার্তো ব্যাজিও। কিন্তু সে জিয়ানলুকা ভিয়াল্লির জায়গা দখল করলো এবং বিশ্বকাপ শেষ করলো টপ স্কোরার হিসেবে। সে যেভাবে নিজেকে দলের জন্য অপরিহার্য করে তুলেছিল সেটি আমাকে অনুপ্রেরণা দিয়েছে। এতো ভালো পারফর্ম করেও তার পা ছিল মাটিতে।
১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে ইতালিকে তো ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্গে লড়তে হয়েছে। তখন কী ছিল পরিস্থিতি?
পালিউকা: আমার সেদিনের সব কথা মনে আছে। আমাদের লড়তে হয়েছে ম্যারাডোনার ক্রেজি ফ্যানদের সামনে ম্যারাডোনারই সঙ্গে। অদ্ভুত এক অনুভূতি ছিল সেটি। সেদিন আমার রুম পড়েছিল রবার্তো ডোনাডুনির সঙ্গে, সে সারাদিন গলফ দেখে বলে আমার খুব বিরক্ত লাগছিল। আমরা মাঠের দিকে রওয়ানা দিলাম। স্টেডিয়াম ভর্তি ইতালির দর্শক। যদিও আমাদের দলে নাপোলির দুই খেলোয়াড় চিরো ফেরার ও ফার্নান্দো ডি নাপোলি ছিল, তবুও আবহাওয়া ছিল ম্যারাডোনার পক্ষে। এটি খুবই অদ্ভূত অনুভূতি যে আমার দেশেরই এমন সমর্থকদের সামনে লড়তে হচ্ছে যাদের আইডল ম্যারাডোনা।
সবার চোখ তখন ম্যারাডোনার দিকে। আমি নিজেকে নিজে বলছিলাম, আমরাই ফেভারিট, আমাদের মাঠে আমরা খেলছি এবং আমরা এবার বিশ্বকাপ জিতবো। আমাদের হারের কোনো কারণ নেই। কিন্তু চারপাশের বাতাস ছিল কেমন যেন। আমি অনুভব করছিলাম আমাদের ওপর চাপ বাড়ছে। শেষে দমবন্ধ করা ট্রাইবেকারে আমাদের ৪-৩ গোলে হারতে হলো।
সে সময়টাতে গোলকিপাররা তো পেনাল্টি স্টাডি করার সুযোগ পেতো না এখন যেভাবে পাচ্ছে। এই জায়গাটাতে কি তারা পিছিয়ে ছিল?
পালিউকা: আমরা আসলেই স্টাডি করতে পারতাম না। জেঙ্গা অসম্ভব ভালো ছিল পেনাল্টি সেভ করার ক্ষেত্রে। কিন্তু আপনাকে যখন লড়তে হচ্ছে ম্যারাডোনার মতো খেলোয়াড়ের সঙ্গে, তখন আসলে আপনার কী করার আছে? সে কখনো একই জায়গায় গোল করতো না। জাল খুঁজে নেয়ার ঠিক শেষ সেকেন্ডে সে যেভাবে পা ঘুরিয়ে দিতো তা আপনি বুঝেই উঠতে পারবেন না। ম্যারাডোনা ছিল যে কোনো গোলকিপারের জন্য দুঃস্বপ্ন। এখন তো সময় পাল্টে গেছে। সব গোল বিশ্লেষণের সুযোগ থাকে।
আপনি এমন একটি টিমে খেলেছেন যেখানে একই সঙ্গে মানচিনি ও ভিয়াল্লির মতো খেলোয়াড় জুটি বেঁধে আক্রমণে যেতো। তাদের একসঙ্গে মাঠে দেখতে কেমন লাগতো?
পালিউকা: ওরা ছিল সময়ের সেরা স্ট্রাইকার জুটি। মাঠের ভেতরে ও বাইরে তাদের বোঝাশোনা ছিল খুব ভালো। তাদের জনপ্রিয়তা ছিল আলাদা ধরনের এবং সেটি কখনো আমাদের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়নি। কারণ আমরা জানি তাদের জন্য আমাদের ম্যাচ জেতা সহজ হয়। তাদের দুইজনের বন্ধুত্ব ৪০ বছর ধরে টিকে আছে। ইতালির ইউরো ২০২০ জেতার ক্ষেত্রে তো এই দুই জন কোচ ও সহকারি হিসেবে একসঙ্গে জুটিবেঁধে কাজ করেছে।
১৯৯০ বিশ্বকাপে জাতীয় দলে ডাক পাওয়া আপনার ক্যারিয়ারের জন্য কেমন টার্নিং পয়েন্ট ছিল?
পালিউকা: এটি আমাকে অনেক বড় অনুপ্রেরণা জুগিয়েছে। দলে ছিল জিঙ্গা এবং ট্যাকোনির মতো দুই সেরা গোলকিপার, যারা তাদের ক্যারিয়ারের চূড়ায় ছিল। অন্যদিকে আমি ছিলাম মাত্র ২৩ বছর বয়সের এক তরুণ। সিরি আ তে তখন মাত্র দুই বছর খেলেছি। এই সময় দলে ডাক পাওয়া ছিল স্বপ্নের মতো। তাও বিশ্বকাপের মতো একটা বড় টুর্নামেন্টে। এখন তো পরিস্থিতি পাল্টে গেছে, লীগে ২-৩ ম্যাচ খেলা গোলকিপারও জাতীয় দলে ডাক পাচ্ছে। ওই সময় জাতীয় দলে ডাক পাওয়াটা আমার ক্যারিয়ারকেই পাল্টে দিয়েছে।
২০১৪ থেকে ইতালি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। সাবেক খেলোয়াড় হিসেবে আপনার মন্তব্য কী?
পালিউকা: এটি অবশ্যই ইতালির মতো একটা দলের জন্য লজ্জাজনক ব্যাপার। কিন্তু মানচিনির অধীনে ২০২০ ইউরো জিতে আবারো নিজেদের ট্র্যাকে ফিরেছে ইতালি। এটা একটা ভালো ব্যাপার। আশা করছি ইতালি আবার তাদের সোনালি সময় ফিরিয়ে আনবে।
ভবিষ্যতে ইতালির গোলকিপার হিসেবে কে আলো ছড়াতে পারেন?
পালিউকা: জিয়ানলুইজি দোনারুম্মা ইতালির ভবিষ্যৎ সেরা গোলকিপার হতে পারে বলে আমি মনে করি।
