রিসেট

ইনজুরি শঙ্কায় বিশ্রাম চাইছেন তাইজুল

প্রকাশিত: ২৮ এপ্রিল (রবিবার), ২০২৪ Archive 2022Source: স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তাইজুল ইসলাম। জাতীয় দলে ফেরার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজের ভিসাটা করিয়ে রাখলেও ইনজুরির কারণে সেই ভাবনা থেকেও তাকে বাদ দেয় বিসিবি। অবশেষে ২৫শে এপ্রিল মাঠে ফেরেন তাইজুল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন সুপার লীগে। বল হাতে ২৮ রানে ১ উইকেটও পান। ধারণা করা হচ্ছিল হয়তো তাকে নিয়ে সব শঙ্কা দূর হয়েছে। তবে তা নয়, মাঠে খেলার ছাড়পত্র পেয়েও এখন বিশ্রাম চাইছেন জাতীয় দলের এই স্পিনার। কারণ মাঠে ফিরে তার মনে হয়েছে তিনি পুরোপুরি ফিট হতে পারেননি। যে কারণে এবার বিশ্রাম চাইছেন এই ক্রিকেটার। গতকাল দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আমি সুপার লীগে খেলার জন্য ফিটনেস টেস্ট দিয়েছিলাম। আমাকে ছাড়পত্র দেয়াও হয়। তবে সুপার লীগে একটি ম্যাচ খেলে বুঝতে পারি আমি পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাইনি। এখন বিশ্রামে থাকা ও রিহ্যাব করতে চাই। আমার মনে হয়েছে ইনজুরি নিয়ে কাজ করা আরো দরকার।’ ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার লীগেও একটি ম্যাচও খেলতে পারেনি তাইজুল। তবে রিহ্যাব শেষে গতকাল ২৪শে এপ্রিল চূড়ান্ত ফিটনেস টেস্ট দেন। তার আর খেলতে বাধা নেই নিশ্চিত করে বিসিবি’র একটি সূত্রও। তবে তাইজুল এখন নিজে থেকেই আরো বিশ্রাম চাইছেন। এ নিয়ে তিনি বলেন, ‘সামনে জাতীয় দলের কোনও কিছুতেই আমি নেই। বিশ্বকাপেও খেলা হবে না। তাই চিন্তা করেছি এখন যদি পুরোপুরি ভাবে বিশ্রাম নিতে পারি আমার যে ইনজুরি তা থেকে ভালোভাবে সেরে উঠতে পারবো।’ ৩০শে এপ্রিল সুপার লীগের তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামবেন না এই ক্রিকেটার।