টানা দুই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করলেন ইফরান হোসেন। গতকাল পেলেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট। আগের ম্যাচে দল হারলেও এবার ঠিকই জয়ের স্বাদ পেলেন এই পেসার। তার দল সিটি ক্লাবের প্রথম জয়ের দিনে হারের তেতো স্বাদ পান আরেক পেসার আবু জায়েদ রাহী। পাঁচ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে চার উইকেট নিলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে তার দল ব্রাদার্স ইউনিয়ন। গতকাল ফতুল্লার খান সাহেব আলী ওসমান ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নকে ২০ রানে হারায় সিটি ক্লাব। চলতি আসরে এটা সিটি ক্লাবের প্রথম জয়। আর আট ম্যাচে ব্রাদার্সের এটি পঞ্চম পরাজয়। এই জয়ে ১২ দলের মধ্যে দশে উঠে এসেছে সিটি ক্লাব। আর ৩ জয়ে ব্রাদার্স ৮ নম্বরে। গতকাল টস জিতে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৫১ রান তোলে সিটি ক্লাব। জবাবে ২৩১ রানে থামে ব্রাদার্সের ইনিংস। ৪৭ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন সিটির পেসার ইফরান। রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন ব্রাদার্সের দুই ওপেনার রহমতউল্লাহ আলি ও ইমতিয়াজ হোসেন। পরের জুটিতে দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যায়।
মাহমুদুল হাসানকে ফিরিয়ে ৪৪ রানের জুটি ভাঙেন ইফরান। পরে রহমতউল্লাহকেও ফিরিয়ে সিটিকে ম্যাচে ফেরান তিনি। ৫ চার ও ৩ ছক্কায় ৬৯ বলে ৬০ রান করেন ব্রাদার্সের ওপেনার। এরপর আসিফ আহমেদ ও আব্দুল মজিদ প্রতিরোধ গড়লে সেটাও ভাঙেন ইরফান। আসিফ আউট হন ৫ চার ও ২ ছক্কায় ৪৪ করে। এরপর রাহাতুল ফেরদৌসকে আউট করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ইফরান। ৩০ রান করেন ফেরদৌস। শেষ দিকে সিটি আর ম্যাচেই ফিরতে পারেনি। এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই হারায় সাদিকুর রহমানকে হারায় সিটি ক্লাব। দুর্দান্ত সুইং ডেলিভারিতে তাকে বোল্ড করেন আবু জায়েদ রাহী। এরপর কাফিল উদ্দিনকেও ফেরান এই ডানহাতি পেসার। এক পর্যায়ে ৩০ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে সিটি ক্লাব। এরপর হাসান ও সাজ্জাদুল চতুর্থ উইকেটে ৮৩ রানের জুটি গড়েন দলকে উদ্দার করেন। হাসান ফেরেন ৬৭ বলে ৪১ করে। সাজ্জাদুল করেন ৬ চার ও ২ ছক্কায় ৮৪ বলে ৭০ রান। শেষদিকে ৫৩ রান করেন মইনুল ইসলাম সোহেল আর ২১ বলে ২২ রান মইনুল ইসলাম। ব্রাদার্সের হয়ে ৩৩ রান খরচায় ৪ উইকেট নেন রাহি। একই ম্যাচ দিয়ে সাত বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ পান লেগ স্পিনার জুবায়ের হোসেন। সর্বশেষ ২০২৩ সালের বিপিএলে স্বীকৃত ক্রিকেটে খেলেন তিনি। ফেরার ম্যাচেও প্রথম চার ওভারে ১০ রান দিলেও তার পরের দুই ওভার থেকে রান আসে ২১।
