রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিকদের মানববন্ধনে বাধা দেয়ার চেষ্টা করেছে যুবলীগের নেতাকর্মীরা। উপজেলার গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে সাংবাদিককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধনটি অনুষ্ঠিত হলে সেখানে বাধা দেয়ার চেষ্টা করে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। পরে পুলিশি প্রহরায় মানববন্ধনটি সম্পন্ন হয়। এতে গঙ্গাচড়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল বারী দুলাল, বাবুল মিয়া, নির্মল রায়, আব্দুর রহিম পায়েলসহ অন্যরা। মানববন্ধনে ইউপি চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। জানা যায়, গত সোমবার রংপুরের গঙ্গাচড়ায় মসজিদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় এবং টিসিবি’র পণ্য সুবিধাভোগীদের মাঝে বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলার ৬ নং গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলীর লোকজন দ্বারা সাংবাদিক ওয়াসিমুল বারি সিয়ামকে লাঞ্ছিত করা হয়। এ সময় তার মোবাইল ফোন ভেঙে মাইক্রোফোন কেড়ে নেয়াসহ একঘণ্টা আটকে রাখা হয়।
