দেশের একমাত্র লিস্ট ‘এ’ ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) পর্দা উঠছে আজ । এবারের আসরে কোনো স্পন্সর পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে জাতীয় ক্রিকেট লীগ, বাংলাদেশ ক্রিকেট লীগেও ছিল না কোনো স্পন্সর। এর আগে টানা ১১ বছর ওয়ালটন ডিপিএলের স্পন্সর থাকলেও এবার তারা নিজেদের সরিয়ে নিয়েছে। এর কারণ অবশ্য কেউ বলতে পারেননি। তিন সংস্করণের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে তুলনামূলক সফল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডের জন্য প্রস্তুতি নিতে ডিপিএলই ক্রিকেটারদের একমাত্র ভরসা। কিন্তু সেটিকে ঘিরে নেই কোনো প্রচারণা, বাড়তি উত্তাপ। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে শুরু হওয়া এবারের আসরের প্রথম দিনেই মাঠে নামছে ঢাকার শীর্ষ তিন ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব। পরের দিন বাকি ছয়টি দল মাঠে নামবে। ডিপিএলে এক সময় বিদেশি ক্রিকেটারদের ওপর আলাদা নজড় থাকতো। ক্লাবগুলো তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে শক্তি জাহির করতো। শুরুর দিকে একাদশ তিনজন আর শেষ কয়েকবছরে একজন করে বিদেশী খেলাতে পারতো দলগুলো। তবে এবার ডিপিএল আয়োজক সিসিডিএম এবারের আসরে বিদেশী ক্রিকেটার খেলানোর নিয়ম বাদ দিয়েছে। এর ফলে স্থানীয় ক্রিকেটাররা নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবে আগের চেয়ে বেশি।
এবারের আসরের আগে ১২ ক্লাবের ১৩৪ ক্রিকেটার দলবদল করেছে। গত আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা সাকিব এবার যোগ দিয়েছেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে। শেখ জামাল থেকে আবাহনীতে যোগ দেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তাওহীদ হৃদয়। আবাহনীতে তিনি সতীর্থ হিসেবে পাবেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর লিটন দাসকে। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন মোহামেডানেই। তবে শুরুতে জাতীয় দলের ক্রিকেটারদের পাচ্ছে না ক্লাবগুলো। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টেস্ট সিরিজে ডিপিএলে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। চোট আর ফর্ম হারিয়ে অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন পেস বোলার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দীন। এবারের বিপিএলকে বানান ফিরে আসার মঞ্চ। চোট কাটিয়ে ফেরার পর বিপিএলে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করতে বল হাতে দারুণ অবদান রাখেন তিনি। ৯ ম্যাচে তার শিকার ১৫ উইকেট। এবারের ডিপিএলে সাইফুদ্দিন খেলবেন আবাহনীর হয়ে।
গতকাল মিরপুরে এবারের আসরে নিজের লক্ষ্যের কথা জানান তিনি। সাইফউদ্দিন বলেন, ‘আবাহনী আমাকে অনেক গুরুত্ব দেয়। সর্বোচ্চ উইকেট বা রানের চেয়ে দলে কতটা ভূমিকা রাখছি এটা বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ সময়ে ৫-১০ বলে ১৫-২০ রান, উইকেট পাওয়া। দলের জয়ে যেন ভূমিকা রাখতে পারি। আমি আসলে ইমপ্যাক্টফুল হতে চাই। আবাহনী বরাবরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। অন্যান্য দলের চেয়ে অনেক বেশি টাকা খরচ করে। চেষ্টা করব নিজেদের ঐতিহ্য ধরে রাখার। আমাদের দল সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ। প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করব জয় দিয়ে শুরু করার। তবে নিজে ভালো করার চেয়ে শিরোপা ধরা রাখাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘ভালো করার চেয়ে চ্যাম্পিয়ন হওয়ার চাপ বেশি। প্রাইম ব্যাংক, শেখ জামালও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকে। তাই শেষপর্যন্ত না গেলে বোঝা যায় না। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়। গতবারও শেষ ম্যাচে নির্ধারণ হয়েছে। এটাই আর কি বাড়তি চাপ।’
