রিসেট

আজ ও কাল সুপ্রিম কোর্ট বারে ভোট

প্রকাশিত: ৬ মার্চ (বুধবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

আজ ও কাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করতে আইনজীবী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের। স্বচ্ছ নির্বাচন করতে তিনি প্রধান বিচারপতিরও সহযোগিতা চেয়েছেন   । প্রবীণ আইনজীবীরা জানান, এক সময় বারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার মতো ঘটনা ঘটতো না। নির্বাচন ছিল শতভাগ স্বচ্ছ, উৎসবমুখর। নির্বাচনকে ঘিরে বারের প্রায় সব সদস্যই একত্রিত হতো। বলা যায় এক সময় বারের নির্বাচন ছিল নবীন- প্রবীণের মিলনমেলা। কিন্তু গত কয়েক বছর ধরে বারের নির্বাচন নিয়ে অভিযোগ উঠছে। গত বছর পুলিশ-আইনজীবীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জের মতো ঘটনাও ঘটেছে। তবে নবীন-প্রবীণ সব আইনজীবীই এবার স্বচ্ছ ও সংঘাতমুক্ত নির্বাচন চান। তাদের প্রত্যাশা, সুপ্রিম কোর্ট বারের এবারের নির্বাচন আগের মতো উৎসবমুখর হোক। নির্বাচন কমিশন জানায়, সভাপতি, সম্পাদকসহ মোট ১৪টি পদে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হবে। প্রতিটি পদেই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাদা প্যানেল এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীল প্যানেল হিসেবে নির্বাচন করছেন। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও মানবাধিকার কর্মী জেড আই খান পান্না মানবজমিনকে বলেন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট বারে অপ্রত্যাশিত ঘটনা দেখতে চাই না।

 বারের নির্বাচন হোক উৎসবমুখর। একসময় বারের নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতেন উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করতো। বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে বুকে জড়িয়ে ধরতেন। পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেন। আমরা আবার সেই ঐতিহ্য দেখতে চাই। দেখতে চাই বার জাতির বিবেক হিসেবে কাজ করতে।  

সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি পদে ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন (সেতু) ও রমজান আলী শিকদার, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক পদে  মো. হুমায়ুন কবির  ও  মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। সাতটি সদস্য পদে খালেদ মোশাররফ রিপন, মাহমুদা আফরোজ (মনি), বেলাল হোসেন শাহীন,  মো. রায়হান রনী, মো. খালেকুজ্জামান ভূঁইয়া, রাশেদুল হক খোকন ও সৌমিত্র সরদার রনী। অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে মনোনীত বিভিন্ন পদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস (কাজল), সহ-সভাপতি পদে মো. হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম, সহ-সম্পাদক পদে মাহফুজুর রহমান (মিলন) ও মো. আব্দুল করিম। সাতটি সদস্য পদে এবিএম  ইব্রাহিম খলিল, ফাতিমা আক্তার, মো. শফিকুল ইসলাম শফিক, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ, রাসেল আহমেদ ও সৈয়দ ফজলে এলাহি অভি। 

এ ছাড়া, এই দুই প্যানেলের বাইরে সভাপতি পদে এডভোকেট ইউনুছ আলী আকন্দ এবং এম কে রহমানের প্রার্থী হয়েছেন। সম্পাদক পদে সাদা ও নীল প্যানেলের বাইরে এডভোকেট নাহিদ সুলতানা যুঁথি ও ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রার্থী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সাদা ও নীল প্যানেলের বাইরে সাইফুল ইসলাম প্রার্থী হয়েছেন।

 নির্বাচন স্বচ্ছ করতে বদ্ধপরিকর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তাকে সহযোগিতা করছেন আইনজীবী এ কে এম মনিরুজ্জামান কবির, মো. কামাল হোসেন, মো. ইকবাল করিম, আসাদুজ্জামান মনির ও গোলাম মোস্তফা। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করতে আইনজীবী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। সহযোগিতা চেয়েছেন প্রধান বিচারপতিরও। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার এডভোকেট মো. আসাদুজ্জামান মনির মানবজমিনকে বলেন, সুপ্রিম কোর্ট বারের এবারের নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা স্বচ্ছ নির্বাচনের ইতিহাস গড়বো, জাতি সেটা দেখবে। নির্বাচন পরিচালনা কমিটির আরেক সদস্য এডভোকেট কামাল হোসেন মানবজমিনকে বলেন, আমরা গত দুটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারিনি। তবে আশা করছি, এবার একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারবো। 

প্রার্থীরা যা বললেন-  সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, নির্বাচন কমিশন বলেছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। তাই আমি বলবো, নির্বাচন যদি সুষ্ঠু হয়, যিনি ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন, সে ব্যক্তি আমি হই বা অন্য কেউ। আমরা চাই সুষ্ঠু নির্বাচন।

 সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সরকারি কর্মকর্তাদের দিয়ে যারা গত দুই বছর সমিতির ভোট ও ফলাফল ডাকাতির সঙ্গে জড়িত তাদের নির্বাচন কমিটিতে রাখা হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু করার উদ্দেশ্য তাদের নেই, এটা স্পষ্ট। তবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমি জয়ী হওয়ার বিষয়ে শতভাগ নিশ্চিত। তিনি বলেন, গত বছরের ভোট ডাকাতি করতে যারা সহযোগিতা করেছেন এবারও তাদেরকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করা হয়েছে। এসব বিতর্কিতদের বাতিল করতে চারজন প্রার্থী লিখিতভাবে জানিয়েছিলেন। কিন্তু নির্বাচন সাব-কমিটির প্রধান আমাদের কথায় কর্ণপাত করেননি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে সমিতির জন্য নিবেদিত হতে চান সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুঁথি। তিনি গনমাধ্যমকে বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে বাইরের কারও হস্তক্ষেপ থাকবে না। বারের গৌরব ফিরিয়ে আনার জন্য নির্বাচন করছি। আমরা আইনজীবীরা সবাই সবাইকে চিনি। আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। হার-জিত থাকবে, সুষ্ঠু ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী বিজয়ী হয়ে আসবে, সেটাই প্রত্যাশা করছি। সম্পাদক পদের নির্বাচনকে বড় চ্যালেঞ্জ মনে করছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত (সাদা) প্যানেলের প্রার্থী এডভোকেট শাহ্‌ মঞ্জুরুল হক। তিনি গণমাধ্যমকে বলেন, আমি মনে করি এই পদে আমার প্রতিদ্বন্দ্বী তিন জনই শক্তিশালী প্রার্থী। আমি উপলব্ধি করছি, এই পদে (সম্পাদক) খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে। 

আমি নিয়মিত প্র্যাকটিশনার। বিগত সময়ে সবসময় আইনজীবীদের পাশে থেকেছি। তারা আমাকে পছন্দ করেন। তারাই আমার শক্তি। আশা করছি সেই ভোটশক্তি আমাকে বিজয়ী করবে। 

ভোটারদের বিশ্লেষণ- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে গত তিন মেয়াদের মধ্যে সভাপতি পদে তিন বার এবং সম্পাদক পদে দুই বার আওয়ামী লীগপন্থি প্যানেল বারে নেতৃত্ব দিচ্ছেন। এর মধ্যে গত দুই মেয়াদে সহজেই জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা। তবে এবার জটিল সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে আওয়ামী প্যানেলের। বিশেষ করে সভাপতি ও সম্পাদক পদে কঠিন পরীক্ষায় পড়তে যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত সভাপতি-সম্পাদক প্রার্থী। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সাদা ও নীল প্যানেলের বাইরে সভাপতি পদে এম কে রহমান প্রার্থী হয়েছেন। তিনি আওয়ামী লীগপন্থি আইনজীবী হিসেবে পরিচিত। তিনি রাষ্ট্রের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। সাধারণ আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ আইনজীবী হিসেবে এম কে রহমানের গ্রহণযোগ্যতা রয়েছে। এ কারণে সাদা প্যানেলের ভোট কিছুটা  ভাগাভাগি হতে পারে। নীল প্যানেল থেকে সভাপতি পদে মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এর আগে সাত বার  সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে এ কে রহমান ব্যতীত সাদা ও নীল প্যানেলের বাইরের অপর প্রার্থী হচ্ছেন ইউনুছ আলী আকন্দ। তিনি এবার নিয়ে ১৩ বারের মতো সভাপতি পদে নির্বাচন করছেন। বার নির্বাচনে সাদা ও নীল প্যানেলের বাইরে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, বারের সাবেক কোষাধ্যক্ষ ও যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদ সুলতানা যুঁথি।