সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের মেয়েরা মাঠে নামবে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে শঙ্কা দলের সেরা ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা নিয়ে। কারণ, নেপালের বিপক্ষে জোড়া গোল করার পর ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। গতকাল সুরভী নিজেই কোচ সাইফুল বারী টিটুর কাছে তার ব্যথার কথা বলেছেন। এ বিষয়ে বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘গত ম্যাচে তো সুরভী আকন্দ দুটি গোল করার পর উঠে গিয়েছিল। সে বলেছিল, তার একটু ব্যথা আছে। তারপরও সে খেলতে চাচ্ছে। বিষয়টাকে আমাদের সতর্কতার সঙ্গে দেখতে হবে। কারণ, সে খেলার উপযোগী আছে কিনা, খেলালে কতটা সময় খেলানো যাবে সব বিবেচনা করতে হবে। আবার না খেলিয়ে বসিয়ে রাখলেও ওর মধ্যে মনস্তাত্ত্বিক নেতিবাচক একটা প্রভাব পড়ে কিনা সেটাও দেখতে হবে। সে ছাড়া বাকি সবাই মোটামুটি ঠিক আছে। খেলোয়াড় যারা আছে সবাইকে সমান চোখে দেখতে হবে। যাকেই মাঠে নামাবো সে যদি পারফরম করতে পারে সেটা দলের জন্যই ভালো হবে।’ রাউন্ড রবিন লীগের এই আসরে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনাল। সেই হিসেবে একটি করে ম্যাচ জিতে শিরোপা লড়াইয়ের পথে এক পা বাড়িয়ে রেখেছে বাংলাদেশ ও ভারত। আসছে ম্যাচটি তাই দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল এই দুই দল। রাউন্ড রবিন লীগে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও দেখা হয়েছিল দুই দলের; নির্ধারিত সময়ে ও টাইব্রেকারের খেলা সমতায় শেষ হওয়ার পর অনেক নাটকীয়তার অবসান হয় যৌথ চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে। নেপালের এই প্রতিযোগিতায়ও অনেকের মনে হচ্ছে বাংলাদেশ ও ভারত ফের ফাইনালে মুখোমুখি হবে। টিটু তাই এই ম্যাচে নিজেদের ও প্রতিপক্ষের শক্তি, দুর্বলতাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে চান। ম্যাচ নিয়ে তিনি বলেন, এই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এ মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন মানের দল, সেটাই কাল বোঝা যাবে, কেননা, ভারত ভালো দল। আরেকটা বিষয়, ওদের শক্তির দিক, দুর্বল দিক এবং আমরা কোন কোন জায়গায় ওদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি, কোথায় পারছি না, এটাও বোঝা যাবে।’
