বাংলাদেশের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে অনেকটা প্রতারণার আশ্রয় নিয়েই আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে নাম লেখিয়েছিলেন জামাল ভূঁইয়া। তবে তার আর্জেন্টিনার অধ্যায় বেশি লম্বা হয়নি। দেশটির তৃতীয় বিভাগের ক্লাবটির সঙ্গে দেড় বছরের চুক্তি ছিল বাংলাদেশ অধিনায়কের। সোল দে মায়োর সঙ্গে মাসিক সাড়ে ১২ হাজার ডলার চুক্তি করেছিলেন জামাল। কিন্তু অভিযোগ আছে, এক মাসেরও বেতন পাননি তিনি। শুধুমাত্র আর্জেন্টিনায় থাকা এবং খাবারের অর্থ যোগান দিয়েছে ক্লাবটি। যার কারণে ফিফায় অভিযোগ করেছেন জামাল। এরই প্রেক্ষিতে সোল দে মায়োকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ফিফা। ক্লাবটি থেকে বেতন না পাওয়ায় ফিফায় অভিযোগ করার ব্যাপার সৌদি আরব থেকে জামাল বলেন, ‘হ্যাঁ, বেতন না পেয়ে আমি অভিযোগ করেছি।’ ২০২১-২০২২ মৌসুমে শেখ রাসেলের হয়ে খেলেছিলেন জামাল। জামালের বয়স বাড়ার সঙ্গে ধার কমেছে পারফরম্যান্সে। যেকারণে তাকে নিয়ে খুব একটি চাহিদা ছিল না ক্লাবগুলোর। ২০২২-২০২৩ মৌসুমে পারিশ্রমিক কমিয়ে জামালকে নতুন প্রস্তাব দেয় শেখ রাসেল। এক পর্যায়ে শেখ রাসেলের নতুন প্রস্তাবে রাজি হয়ে চুক্তি করেন বাংলাদেশ অধিনায়ক। এই চুক্তিতেই প্রতারণার আশ্রয় নেন জামাল। নিজের স্বাক্ষর করা চুক্তিপত্রে নিজের বাবার নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর ভুল লেখেন তিনি। যা নিয়ে আলোচনা-সমালোচনা হয় চারদিকে। এসব সমালোচনার মাঝেই শেখ রাসেলের ছাড়পত্র নিয়ে আর্জেন্টিনায় পাড়ি জমান জামাল। সেখানে গিয়ে খুব একটা খেলার সুযোগ পাননি জামাল। সেখানে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। গত বছরের ২১শে নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ জাতীয় দল। সেটাই ছিল জামালের খেলা সর্বশেষ ম্যাচ। এর পর থেকেই তিনি খেলার বাইরে। প্রায় তিন মাসের অধিক সময় খেলার বাইরে থাকা জামাল এখন জাতীয় দলের ক্যাম্পে। সোল দে মায়ো ছেড়ে ঢাকার ফুটবলেও আবাহনীর সঙ্গে যোগাযোগ করে নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন জামাল। প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্বে খেলবেন আবাহনীর জার্সিতে। যদিও আন্তর্জাতিক ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আকাশি-নীলদের হয়ে খেলতে পারবেন না তিনি। জামাল নিজেই চুক্তি বাতিল করে ফেরায় ছাড়পত্র পাওয়া নিয়ে জটিলতা আছে। তবে সেই জটিলতা কেটে যেতে পারে ফিফার হস্তক্ষেপে।
