রিসেট

একাডেমিক এক্সিলেন্সির দিকে আমরা বেশি জোর দেবো

প্রকাশিত: ২৪ আগস্ট (রবিবার), ২০২৫ Archive 2022Source: বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম। মানবজমিন’র সঙ্গে আলাপে তিনি বলেছেন, আমরা আসলে লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে একটু শঙ্কিত কারণ আমরা দেখতে পাচ্ছি যে, বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট হাউস টিউটর থেকে শুরু করে বেশকিছু জায়গায় একটি নির্দিষ্ট দলের শিক্ষকরা বসে আছেন। তারা অনেক ক্ষেত্রে বায়াসড হচ্ছেন বিভিন্ন জায়গায় ডাকসু’র আচরণবিধি  লঙ্ঘিত হচ্ছে যেগুলো তারা দেখেও না দেখার ভান করছেন। আমরা আশা করবো যে তারা শিক্ষকসুলভ আচরণ করবেন এবং ডাকসু’র পরিস্থিতি সুন্দর রাখবেন। নির্বাচিত হলে একাডেমিক এক্সিলেন্সের বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে আসলে সবার প্রথমে বিশ্ববিদ্যালয়ের পূর্ণ আবাসন নিশ্চিত করার কাজে মনোযোগ দিবো, পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চেষ্টা করবো, রেজিস্ট্রার বিল্ডিং আধুনিকায়ন ও পার্ট-টাইম কাজের সুযোগ সৃষ্টির চেষ্টা করবো, ডিজিটালাইজ করা এবং লাল ফিতার দৌরাত্ম্য অবসান করার চেষ্টা করবো।

 তিনি বলেন, আমরা সেন্ট্রাল মসজিদকে কালচারাল হাব করতে চাই এ ছাড়াও হলের অডিটোরিয়াম, রিডিংরুম ও মাঠগুলো ফাংশনাল না, এগুলো নিয়ে আমরা কাজ করবো। আমাদের ছাত্রী বোনদের কষ্ট হয়, এক হলের ছাত্রীদের অন্য হলে প্রবেশের সুযোগ নেই। হলের ভিতরে গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন  এবং সব হলে নারী শিক্ষার্থীদের প্রবেশের অধিকার আমরা আদায় করবো। ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তি, বাস সিন্ডিকেট নির্মূল এসবও আমাদের পরিকল্পনায় আছে। এ ছাড়া আমাদের সবচেয়ে দুর্বল জায়গা একাডেমিক এক্সিলেন্সের জায়গাটি। যুগ যুগ ধরে একই সিলেবাস একই প্রশ্নে শিক্ষার্থীরা পরীক্ষা দেয় এবং শিক্ষকদের কোনো ইভালুয়েশনও হয় না। এ বিষয়টি আর যাতে না হয় সে বিষয়ে আমরা কাজ করবো।