রিসেট

ইফতার বিক্রিতে মাহি

প্রকাশিত: ৬ এপ্রিল (বুধবার), ২০২২ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার ফেসবুক অ্যাকাউন্টে ঢুঁ মারলেই এখন শুধু রেস্টুরেন্ট সংশ্লিষ্ট পোস্ট। একের পর এক ছবি, ফেসবুক লাইভ দিচ্ছেন। খুলেছেন নতুন পেজও। ধারণা হতে পারে, অন্য কারও রেস্টুরেন্টের প্রচারণা করছেন তিনি। তবে, না মাহির সকল প্রচারণাই এখন নিজের রেস্টুরেন্ট ‘ফারিশতা’র জন্য। ক্রেতাদের জানান দিতে বেশ সরব অবস্থানে রয়েছেন এ নায়িকা। লাইভে মাহি ইফতারের বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। মাহির স্বামী রাকিব সরকারকেও সেখানে দেখা গেছে। জানা গেছে, রেস্টুরেন্টটি এখনো চালু হয়নি, তবে এর সামনে চলছে ইফতার বিক্রি। অবাক করার আরও একটি বিষয় হচ্ছে, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, রোজার দ্বিতীয় দিনে ইফতারি বিক্রির সময় সেখানে উপস্থিত ছিলেন মাহি। তিনি সেখানে গিয়ে বলেন, প্রচারের অংশ হিসেবে ফারিশতা থেকে ইফতারি বিক্রি চলছে। মাহি জানান, রেস্টুরেন্টের ইনটেরিয়রের কাজ চলছে, চাঁদরাতে এর উদ্বোধন হবে। উল্লেখ্য, গাজীপুরের চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট ফারিশতা। এদিকে, সম্প্রতি অফিসার নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন এ নায়িকা। এ ছাড়া মাহিকে রোজার মাস উপলক্ষে টিভি পর্দায় ইফতারের কুইক রেসিপির অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যাচ্ছে।