রিসেট

‘হিজড়া’ বলে কটূক্তির প্রতিবাদ করায় শিশু শুভকে হত্যা

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২২ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
দ্বিতীয় শ্রেণির ছাত্র ছোট্ট শুভকে ‘হিজড়া’ বলে কটূক্তি করতো সজল। শুভ এর প্রতিবাদ করতো। আর তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যা করা হয় শিশু শুভ হাওলাদারকে। এমন-ই বর্ণনা দিয়ে শুভ হত্যার দায় স্বীকার করে মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে সজল ব্যাপারী। এছাড়া হত্যাকাণ্ডের সময় সে ছাড়া আর কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিল না বলেও জানিয়েছে সে। জবানবন্দি রেকর্ড করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয় তাকে। সজল খুলনা মহানগরীর ময়লাপোঁতা মুনসুর খাঁর বাড়ির ভাড়াটিয়া নূর মোহাম্মদের ছেলে। এদিকে, এ মামলায় সজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। তাদের তিনজনকে আদালত কারাগারে প্রেরণ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এসআই সুকান্ত দাস জানান, রোববার সকাল সাড়ে আটটার দিকে শুভ বাবার কাছ থেকে কুড়ি টাকা নিয়ে ময়লাপোঁতা এলাকার একটি হোটেলে নাস্তা করে। পরে বালুর মাঠের দিকে খেলতে যায়। এ সময় সজল ব্যাপারী ওই স্থানে হাজির হয়ে শুভকে হিজড়া বলে ডাকতে থাকে। এতে শুভ ক্ষিপ্ত হয়ে আসামি সজলকে গালিগালাজ করতে থাকে। পরে সজল ক্ষুব্ধ হয়ে শুভকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে প্রথমে লাথি মারে। এরপর ইট দিয়ে আঘাত করে। ঘটনাটি জানাজানি হয়ে গেলে সমস্যা হতে পারে ভেবে সজল ইট দিয়ে তার মাথা ও মুখে ক্রমাগত আঘাত করতে থাকে। শুভর মৃত্যুর পর সেখান থেকে বের হয়ে সে এলাকাতেই ঘোরাফেরা করে। কিন্তু পরবর্তীতে পুলিশ এলে পালিয়ে গোপালগঞ্জ গিয়ে আত্মগোপন করে। ঘটনার দিন বিকালে সজলের ঘর থেকে তার রক্তমাখা প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুভকে রোববার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের ১৪ নম্বর রোডস্থ ফাঁকা স্থানে নির্মমভাবে খুন করা হয়। এ ঘটনায় রোববার রাতে নিহত শুভর মা তিনজন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনার জের ধরে ওই এলাকার মানুষ ফুঁসে উঠেছে। সোমবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে এলাকার সাধারণ মানুষ একত্রিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ, শাহীন ও আমিরুনের ঘর ভাঙচুর করে। উত্তেজিত জনতা তাদের বস্তি থেকে উৎখাত করার কথাও বলতে থাকে। আমিরুনের পরিবারের সকল সদস্য মাদক ব্যবসায়ী। এছাড়া গ্রেপ্তার জাহিদ এ মামলার তিন নম্বর আসামি ও মাদক ব্যবসায়ী আমিরুনের ছেলে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, স্কুলছাত্র শুভ হাওলাদারকে হত্যার বিশ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মো. সজল ব্যাপারীকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাকে হিজড়া বলায় ক্ষুব্ধ হয়ে একাই শুভকে হত্যা করেছে বলেও স্বীকার করেছে সজল।
এদিকে নিহত শুভর মা রোববার রাতে তিনজন আসামির নামসহ অজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওই দিন ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে বস্তির একটি ঘর থেকে রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট উদ্ধার করা হয়। তাছাড়া হত্যাকাণ্ডের পর পরই বাবু ওরফে স্টিক বাবু ও মফিজকে থানায় ডেকে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। বিকালে তথ্য নিয়ে তাদেরকেও ছেড়ে দেওয়া হয়।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে পাগলের প্রলাপ বকছেন শুভর বাবা ও মা। সান্ত্বনা দিতে এলাকার মানুষ ছুটে যাচ্ছেন তার বাড়িতে। সন্তান হারানোর শোকে শুভর মা ঝুমুর বেগম অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।