রিসেট

তাড়াহুড়ো নয়

প্রকাশিত: ৮ অক্টোবর (শুক্রবার), ২০২১ Archive 2018Source: বিনোদন ডেস্ক
এই নিয়ে পরপর তিন বছর পূজায় কোয়েল মল্লিক অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। এবার পূজায় জিত ও দেবের ছবির সঙ্গে লড়াই হবে কোয়েলের ছবির। বক্স অফিসের লড়াই কতটা জমবে? কোয়েলের মতে, আমার ‘বনি’র পাশাপাশি বাকি ছবিও যেন ভালো চলে। অতিমারিতে ছবি মুক্তি কেমন হতে পারে, সে অভিজ্ঞতা গত পূজায় ‘রক্ত রহস্য’র সময়েই হয়ে গিয়েছিল। ভালোই চলেছিল ছবিটা। সেকেন্ড ওয়েভের সময়ে মুক্তি পেয়েছিল ‘ফ্লাইওভার’। তাই ধাক্কাগুলো ইতিমধ্যে সয়ে গিয়েছে! তবে পূজায় ছবিমুক্তি আলাদা একটা নস্টালজিয়া বয়ে আনে। ছোটবেলায় মেজমা’র হাত ধরে ভাইবোনেরা মিলে পূজার দুপুরে সিনেমা দেখতে যাওয়ার কথা মনে করিয়ে দেয়। এদিকে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী ‘বনি’ অবলম্বনে ছবি, যে গল্পে একটা বড় অংশ জুড়ে রয়েছে মাতৃত্ব। ‘রক্ত রহস্য’-এর কাহিনীও ছিল সারোগেসি ও মাতৃত্বকেন্দ্রিক। আপনি নিজেও মা হয়েছেন গত বছর। চরিত্রগুলোর সঙ্গে নিজেকে কতটা রিলেট করেছেন? কোয়েল বলেন, ব্যক্তিগত ভাবে আমি খুবই আবেগপ্রবণ। ক্যামেরার সামনে যদি আবেগকে বশে রাখতে না পারি, বেশ মুশকিল হয়ে যায়। মাতৃত্ব এমন একটা উপলব্ধি, যা পৃথিবীর সব মেয়েদের ভেতরেই নিহীত থাকে। ‘বনি’তে আমার চরিত্র প্রতিভা অনেকদিন অপেক্ষার পরে সন্তানের জন্ম দেয়। তার পর জানতে পারে বাচ্চাটি ‘স্বাভাবিক’ নয় সেই অর্থে। তার দুনিয়াটা চুরমার হয়ে যায়। ওই দৃশ্যটা করার সময়ে সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আগামীর পরিকল্পনা বিষয়ে কোয়েল বলেন, তাড়াহুড়ো করতে চাই না। ছেলে বড় হয়ে ওঠার প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চেয়েছিলাম। ওর প্রথম কথা বলতে শেখা, হাঁটতে শেখা এগুলো মিস করতে চাইনি। কারণ এই মুহূর্তগুলো আর ফিরে আসবে না। এর মধ্যেই টেলিভিশন রিয়্যালিটি শোয়ের শুটিং করেছি। এরপরে একটা থ্রিলার ও রোমান্টিক কমেডি ছবি করার কথা এগিয়েছে, তবে সেগুলোর চিত্রনাট্য চূড়ান্ত নয়।