রিসেট

বিরতির পর সরব আনিসা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২১ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
বেশ কিছুদিন বিরতির পর আবারো গানে ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। এরই মধ্যে নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি। পাশাপাশি বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। মাঝে বিরতি নেয়ার কারণ হিসেবে আনিসা বলেন, অসুস্থ ছিলাম ক’দিন। ঠাণ্ডা-কাশি লেগেই ছিল। বেশ খারাপ একটা সময় পার করেছি। তবে এখন সুস্থ আছি। কাজ শুরু করেছি। আমি গানের মানুষ, তাই কাজ শুরু করে ভালো লাগছে। এদিকে, সম্প্রতি অনন্ত জলিলের ‘দিন দ্যা ডে’ ছবিতে গান গেয়েছেন আনিসা। দ্বৈত এ গানটি তিনি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে। এর আগেও অডিওতে ইমরানের সঙ্গে আনিসার গান বেশ পছন্দ করেছেন শ্রোতারা। এবার বড় বাজেটের এই ছবিতে একসঙ্গে গাইলেন তারা। এর বাইরে আরও একটি নতুন ছবিতে গেয়েছেন এ গায়িকা। তবে বড় আয়োজনের এ গানটি নিয়ে আপাতত বলতে চান না তিনি। বিষয়টি নিয়ে আনিসা বলেন, আসলে যে ছবিতে গানটি গেয়েছি সেই ছবির পরিচালক-প্রযোজকের তরফ থেকে আপাতত কিছু বলতে নিষেধ আছে। সেজন্য বিষয়টি জানাচ্ছি না। তবে দ্রুতই হয়তো আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে। নতুন গান প্রসঙ্গে আনিসা বলেন,  বেশকিছু পরিকল্পনা রয়েছে। নতুন গানের কথাবার্তাও চলছে কিছু। ব্যাটে-বলে মিলে গেলে করে ফেলবো। আশা করছি কিছু ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারবো।